আন্তর্জাতিক অভিষেকের দুই বছর হয়ে গেলেও মাত্র ৮টি ম্যাচ খেলতে পেরেছেন হাসান মাহমুদ। ছোট্ট ক্যারিয়ারে বারবার হানা দিয়েছে চোটাঘাত। চোটের বিরুদ্ধে লড়াই করে তিনি আবারও ফিরে এসেছেন। সুযোগ পেয়েছেন ত্রিদেশীয় সিরিজ এবং অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে।
ইতোমধ্যেই তিনি আগামী সোমবার থেকে বোলিং শুরুর অনুমতি পেয়েছেন।
ইনজুরির বিরুদ্ধে লড়াই নিয়ে হাসান মাহমুদ আজ শনিবার মিরপুরে সাংবাদিকদের বলেন, ‘পেস বোলারদের ইনজুরি বন্ধুর মতো। আসে আবার চলে যায়। এটা নিয়ে কাজ করার মধ্যে থাকতে হবে অবশ্যই, ফিটনেস বলেন বোলিং বলেন। সবকিছু মিলিয়ে এটা ধারাবাহিকতার ব্যাপার। সবসময় কাজের মধ্যে থাকলে এই জিনিসটা হয়তো হবে না। আসলে চোটের জন্য একটা কাজই করতে পারি; আল্লাহর কাছে দোয়া করতে পারি। আমি আমার চেষ্টা চালিয়ে যাব ওয়ার্কিং বলেন, ফিটনেস বলেন ইনশাল্লাহ।’
আরও পড়ুন- হিজাব না পরায় তরুণিকে পিটিয়ে হত্যা পুলিশের, তীব্র প্রতিবাদ শুরু
জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি সিরিজে নিয়ন্ত্রিত বোলিংয়ে মুগ্ধ করেছিলেন হাসান। কিন্তু ইনজুরির কারণে ছিটকে যান এশিয়া কাপ থেকে। সেই পারফর্মেন্সের কারণেই হাসান বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন, ‘অবশ্যই আগে জিম্বাবুয়েতে যে সিরিজটা খেলেছি, সেটা খেলে খুব আত্মবিশ্বাস পেয়েছি। যেহেতু এখন বিশ্বকাপে আছি, নিজের সেরাটাই দিতে চাই। আসলে জিম্বাবুয়েতে আপনারা আমার যে পারফরম্যান্স দেখেছেন, তাতে আত্মবিশ্বাস ছিল যে আমি দলে (বিশ্বকাপ) থাকতে পারি। তো আমাকে উনারা (নির্বাচক) বিবেচনায় রেখেছেন সেজন্য আমি খুবই কৃতজ্ঞ। ‘



