সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বারুল্লাপীর পাল ওয়াক্ফো এস্টেটের সম্পত্তি অবৈধ দখলের বিরুদ্ধে বুধবার (১০ মে) বেলা ১২ টায় উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের ঘিয়ালা গ্রামবাসী এক মানববন্ধন কর্মসূচি পালন করে।
উক্ত ওয়াক্ফো এস্টেটের পরিচালনা কমিটির সদস্যগণ ঘিয়ালা গ্রামবাসীর সঙ্গে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। ঘিয়ালা গ্রামবাসী এই কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তাগণ বলেন, অবৈধ দখলদাররা তাদের দখলকৃত সম্পত্তি রক্ষা করার স্বার্থে নানাভাবে মিথ্যা এবং স্থানীয় একটি পত্রিকায় ভিত্তিহীন সংবাদ পরিবেশন করে অপপ্রচার চালিয়ে জনগনকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তারা অবিলম্বে উক্ত ওয়াক্ফো এস্টেটের সম্পত্তি দখলমুক্ত করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান।
আরও পড়ুন- ঢাকায় আসছেন জাতিসংঘের বিশেষ দূত ডি শ্যুটার
এতে বক্তব্য রাখেন, ওয়াক্ফো এস্টেট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ, এবং পূর্ণিমাগাঁতী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান রাশেদুল ইসলাম (রাশেদ) প্রমুখ।
মানববন্ধন কর্মসূচিতে ঘিয়ালা গ্রামের নারী পুরুষ ও এই ওয়াক্ফো এস্টেটে প্রতিষ্ঠিত হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধন শেষে ওয়াক্ফো এস্টেট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ গণমাধ্যম কর্মীদেরকে জানান, ঘিয়ালা গ্রামে এই এস্টেটে মোট ৫.৪৬ একর জমি রয়েছে। এর মধ্যে একটি পুকুর, একটি মাজার, একটি মসজিদ ও একটি হাফিজিয়া মাদ্রাসা রয়েছে। এছাড়া কিছু পতিত জমি রয়েছে।
আরও পড়ুন- রোকাইয়াকে বাঁচাতে প্রয়োজন ৪ লাখ টাকা
স্থানীয় প্রভাবশালী ইয়াসিন আলীর নেতৃত্বে গ্রামের কতিপয় ব্যক্তি জামাল উদ্দিন, রোকন আলী, খোকন উদ্দিন, খবির আলী, নজরুল ও কালু পতিত জমিগুলো দখল করে সেখানে ঘরবাড়ি নির্মান করে বসবাস করছে। সেই সাথে তারা ওয়াক্ফো এস্টেটের পুকুরের বেশকিছু অংশ ও ফসলী জমি ইয়াসিন আলী দখলে নিয়ে নিয়েছে। এসব সম্পত্তি অবৈধ দখলদারদের হাত থেকে রক্ষা করার জন্য তারা উদ্যোগ নিয়েছেন।
পূর্ণিমাগাঁতী ইউনিয়নের সংশ্লিষ্ট ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রউফ বলেন, কতিপয় প্রভাবশালী ব্যক্তি উল্লিখিত বারুল্লাপীর পাল মাজারের জমি অবৈধভাবে দখল করে ভোগদখল করে আসছে। গ্রামবাসী অবৈধ দখলদারদের হাত থেকে উল্লিখিত মাজারের জায়গা মুক্ত করতে সরকারের প্রতি আহবান জানান।
এব্যাপারে দখলদারদের নেতৃত্বদানকারী অভিযুক্ত ইয়াসিন আলীর সঙ্গে কথা বললে তিনি জানান, তিনি এবং তার লোকজন ওয়াক্ফো এস্টেটের সম্পত্তি দখল করেননি। তাদের দখলকৃত সম্পত্তি নিজেদের বলে দাবি করেন তিনি।



