লক্ষ্মীপুরের রায়পুরে একটি বেসরকারি ব্যাংকের ভেতরেই এক নারী গ্রাহকের কাছ থেকে ১ লাখ ১০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দুপুরে রায়পুর-হায়দরগঞ্জ সড়কের ট্রাফিক মোড় এলাকায় অবস্থিত ইসলামি ব্যাংক বাংলাদেশ পিএলসির রায়পুর শাখায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ফাতেমা আক্তার (৩০) উপজেলার বামনী ইউনিয়নের সাগর্দি গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী। তিনি ব্যাংকটিতে প্রবাসী স্বামীর পাঠানো টাকা তুলতে এসেছিলেন।
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার দুপুরে ব্যাংক থেকে ১ লাখ ১০ হাজার টাকা তুলে কাউন্টারে দাঁড়িয়ে ছিলেন ফাতেমা। এ সময় আনুমানিক ৪৫ বছর বয়সী এক অজ্ঞাত নারী তাঁর সামনে এসে দাঁড়ান। ওই নারী নিজের হাতে থাকা একটি টাকার বান্ডিল ফাতেমাকে গুনতে দিয়ে তাঁকে পাশের একটি চেয়ারে বসান। ফাতেমার দাবি, টাকাগুলো হাতে নেওয়ার পরপরই তিনি নিস্তেজ ও অনেকটা জ্ঞানহীন অনুভব করতে থাকেন। এই সুযোগে চক্রটি তাঁর হাতে থাকা ১ লাখ ১০ হাজার টাকা নিয়ে দ্রুত সটকে পড়ে।
ফাতেমা আক্তার বলেন, ‘আমি কাউন্টারে ব্যস্ত ছিলাম। ওই নারী আমাকে টাকা গুনতে দেওয়ার পর আমি আর নিজেকে সামলাতে পারছিলাম না। পরে সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, দুপুর ১২টা ১০ মিনিটে তারা আমার টাকা নিয়ে চলে গেছে।’
ব্যাংক ভবনের নিচতলার ব্যবসায়ী মারুফ ও শামীম হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘মাঝেমধ্যেই এই ব্যাংকের ভেতরে ও বাইরে থেকে গ্রাহকের টাকা ছিনতাইয়ের খবর শোনা যায়। থানায় মামলা বা জিডি হলেও টাকা উদ্ধার হয় না, চক্রটিও ধরা পড়ে না। রায়পুর শহরে প্রায় ৪০টি ব্যাংক থাকলেও শুধু এই ব্যাংকেই কেন বারবার এমন ঘটনা ঘটে, তা নিয়ে আমাদের সন্দেহ আছে। ব্যাংকের কোনো অসাধু চক্র এর সঙ্গে জড়িত কি না, তা খতিয়ে দেখা দরকার।’
ইসলামি ব্যাংক রায়পুর শাখার ব্যবস্থাপক খানে আলম বলেন, ‘সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, একজন নারীর সঙ্গে কয়েকজন লোক কথা বলে বিদায় নিয়ে চলে যাচ্ছেন। পরে ওই গ্রাহক টাকা খোয়ানোর দাবি করেন। আমরা ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা করছি।’
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, ‘ব্যাংকের ভেতর টাকা ছিনতাইয়ের ঘটনায় এক গ্রাহক থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’


