লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা বিল্লাল হোসেন মিশরী হত্যা মামলার আসামি আরমান হোসেন ওরফে রহমান (২৮)- কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ সোমবার দুপুরে (০৯ মার্চ) এ বিষয়ে লক্ষ্মীপুর প্রেসক্লাবে প্রেসব্রিফিং করেন র্যাব-১১ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার (নোয়াখালি অঞ্চল) মিঠুন কুমার কুণ্ডু।
এ আগে গতকাল রোববার (০৮ মার্চ) সন্ধায় রিকশাচালক আরমানকে ঢাকার কদমতলী এলাকা থেকে গ্রেফতার হয়।
এদিকে, আজ সোমবার দুপুরে রায়পুর থানার সামনে ঘাতক রিকশাচালক আরমনের ফাঁসির দাবিতে নিহতের স্বজন ও কেরোয়া ইউনিয়ন বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবকদলের বিপুল সংখ্যক নেতাকর্মীরা বিক্ষোভ ও মানববন্ধন করেছেন।
উল্লেখ্য, গত ৫ মার্চ রায়পুর সাব-রেজিস্ট্রার মসজিদের বিপরীত ফলের আড়তে তরমুজ কিনতে যান কেরোয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবদল সভাপতি বিল্লাল মিশরী। এসময় দুই রিকশাচালকের মধ্যে মারামারি থামাতে গিয়ে হামলার শিকার হন বিল্লাল মিশরী (৪৫)। এ সময় তাকে বেধড়ক মারধর করা হলে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় কবির মহুরী নামে আরও একজন আহত হন।
রায়পুর থানার ওসি শাহিন মিয়া বলেন, যুবদল নেতা হত্যার আসামি রিকশাচালক আরমানকে দুপুরে থানায় নিয়ে আসে র্যাব। পরে আরমানকে আদালতে তোলা হলে কারাগারে পাঠান বিচারক এবং তার ৭দিনের রিমান্ড চাওয়া হয়।



