রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা নগর পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে মিছিল নিয়ে যোগ দিয়েছেন হাজার হাজার নেতাকর্মী।
শনিবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার পর থেকে আগারগাঁওয়ের শেরেবাংলা নগরের বাণিজ্য মেলার পুরানো মাঠে আসতে শুরু করেন নেতাকর্মীরা। এ উপলক্ষে দলীয় প্রতীক নৌকার আদলে বড় আকৃতির মঞ্চ তৈরি করা হয়েছে।
সকাল থেকেই রাজধানীর চারপাশ থেকে হাজারো নেতাকর্মী সম্মেলন স্থলে আসার জন্য জড়ো হন। এদিকে ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গেছে সম্মেলনস্থল রাজধানী ঢাকার আগারগাঁওয়ের শেরেবাংলা নগরের বাণিজ্য মেলার পুরানো মাঠ।
আরও পড়ুন- জার্মানি ও যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন রাষ্ট্রপতি
দোহার, সাভার, ধামরাই, নবাবগঞ্জ ও কেরানীগঞ্জ উপজেলা নিয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের ইউনিট গঠিত। বিভিন্ন এলাকা থেকে দলে দলে নেতা-কর্মীরা আসা শুরু করেছেন। এসেছেন জেলার শীর্ষ পর্যায়ের নেতারাও।

সম্মেলনের আগ মুহূর্তে ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ বলেছেন, সম্মেলনের সফলতা নিয়ে কোনো সমস্যা নেই। চারদিক থেকে হাজার হাজার লোক আসা শুরু হয়ে গেছে। ইতোমধ্যেই আমরা খবর পাচ্ছি, এই মাঠে লাখো মানুষের একটা সমাবেশ ঘটবে।
আরও পড়ুন- টুইটারের মালিক হলেন ইলন মাস্ক, চাকরি গেলো আগরওয়ালের
তিনি বলেন, এখান থেকে বার্তা এইটাই, বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল। এখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ব্যাপক উন্নয়ন হচ্ছে, সেই কারণেই সবাই আমাদের এ সম্মেলনকে সফল করছেন।
ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলনের উদ্বোধন করবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সভাপতিত্ব করবেন বেনজির আহমেদ এমপি। সঞ্চালনা করবেন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান।
এর আগে, ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হয়েছিল ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন।





