আগামী ২ সেপ্টেম্বর যান চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর থেকে ফার্মগেট অংশ। ইতোমধ্যে টোলও নির্ধারণ করেছে সরকার। চার ক্যাটাগরিতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলাচল করা যানবাহনের কাছ থেকে এ টোল আদায় করা হবে।
রবিবার (২০ আগস্ট) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সেতুমন্ত্রী বলেন, ‘আগামী ২ সেপ্টেম্বর এলিভেটেড এক্সপ্রেসওয়ে সাড়ে ১১ কিলোমিটার কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত উদ্বোধন করা হবে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলাচল করা যানবাহনকে টোল দিতে হবে চার ক্যাটাগরিতে। ক্যাটাগরি-১ এ কার, ট্যাক্সি, জিপ, স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল, মাইক্রোবাস (১৬ সিটের কম) এবং হালকা ট্রাক (৩ টনের কম) ৮০ টাকা, ক্যাটাগরি-২ এ মাঝারি ট্রাক (৬ চাকা পর্যন্ত) ৩২০ টাকা, ক্যাটাগরি-৩ এ ট্রাক (৬ চাকার বেশি) ৪০০ টাকা, ক্যাটাগরি-৪ এ সব ধরনের বাস (১৬ সিট বা তার বেশি) ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।’
ওবায়দুল কাদের জানান, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বাই-সাইকেল, থ্রি-হুইলার চলবে না। এ ছাড়া আপাতত মোটরসাইকেলও চলাচল করতে দেওয়া হবে না।
এক্সপ্রেসওয়েতে গাড়ির সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৬০ কিলোমিটার। এতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দক্ষিণ কাওলা থেকে ফার্মগেট যেতে মাত্র ১০ মিনিট সময় লাগবে।
আরও পড়ুন- মাধবপুরে পানির নিচ থেকে গ্রেনেড উদ্ধার
এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম নুরুল আমিন উল্লাহ নুরী, সেতু সচিব মো. মনজুর হোসেনসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে গত ১৪ আগস্ট রাজধানীর বনানীতে সেতু ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় সেতুমন্ত্রী বলেন, “চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিব কর্ণফুলি টানেল প্রধানমন্ত্রী অক্টোবর মাসের ২৮ তারিখে উদ্বোধন করবেন। আবার একই মাসের মাঝামাঝিতে রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল অংশের উদ্বোধন করবেন তিনি। এ ছাড়াও ১০০ সেতুর মতো আগামী মাসের মধ্যে ১৫০টি সেতুর উদ্বোধন হবে। সেটির দিনক্ষণ খুব শিগগিরই জানানো হবে।”
তিনি আরও বলেন, ‘ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধনের দিন বিকেলে পুরানো বাণিজ্য মেলার মাঠে সুধী সমাবেশের আয়োজন করা হবে। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন। পরদিন যান চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। আর যান চলাচলে আপাতত সর্বোচ্চ গতিসীমা হবে ঘণ্টায় ৬০ কিলোমিটার। তার মানে ১০ মিনিটে কাওলা থেকে ফার্মগেট যাওয়া যাবে।’
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দক্ষিণ কাওলা থেকে শুরু হয়ে কুড়িল-বনানী-মহাখালী-তেজগাঁও-মগবাজার-মালিবাগ-খিলগাঁও-কমলাপুর হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত যাবে। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৯৪০ কোটি টাকা। এ পর্যন্ত প্রকল্পের ৬৫ শতাংশ অগ্রগতি হয়েছে। আগামী ২০২৪ সালের জুন মাসে প্রকল্প শেষ হওয়ার কথা রয়েছে।



