লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজারে রমজান মাস উপলক্ষ্যে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত পৃথক অভিযানে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার এবং হাবিবুর রহমান নেতৃত্ব দেন।
অভিযানে ভোক্তা সংরক্ষণ আইন, কৃষি বিপণন আইন ও বিএসটিআই আইনের বিভিন্ন ধারায় পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবা উল আলম ভূঁইয়া জানান, বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ও ৫৩ ধারায় মেয়াদোত্তীর্ণ ও অস্বাস্থ্যকর পণ্য সংরক্ষণের দায়ে স্বপ্ন সুপার শপকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই আইনের ৩৮ ধারায় মূল্য তালিকা সংরক্ষণ না করায় মো. রুবেলকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়াও একই আইনের ৫১ ও ৩৮ ধারায় মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা ও মূল্য তালিকা প্রদর্শন না করায় খলিলুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। বিএসটিআই আইন অনুযায়ী লাইসেন্স প্রদর্শনে ব্যর্থ হওয়ায় রাকিবুল হাসানকে ১০ হাজার টাকা এবং কৃষি বিপণন আইন, ২০১৮-এর ১৯ (ঞ) ধারায় পণ্যের কাঁচা রশিদ সংরক্ষণ না করায় সুমাইয়া বাণিজ্যালয়কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং জনস্বার্থ সুরক্ষায় এ ধরনের বাজার তদারকি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



