লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় মেঘনা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৯ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার ৫নং চর ফলকন ইউনিয়নের ৭নং ওয়ার্ড সংলগ্ন নদী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে নদীর পাড়ে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে কমলনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য মরদেহটি রামগতি বড়খেরী ও মজুচৌধুরীরহাট নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মজুচৌধুরীরহাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজিজুল হক জানান, খবর পাওয়ার পরপরই নৌ-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি হেফাজতে নেয়। বর্তমানে নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মেঘনা নদী থেকে উদ্ধারকৃত মরদেহটি নৌ-পুলিশের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। তারা সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরবর্তী আইনি পদক্ষেপ নেবেন।
এদিকে, উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি। যদি কারো কোনো স্বজন বা পরিচিত ব্যক্তি নিখোঁজ থাকে, তবে তাকে শনাক্তের জন্য দ্রুত কমলনগর থানা অথবা স্থানীয় নৌ-পুলিশ ফাঁড়িতে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পুলিশ।


