দেশের আইপি টিভি ও অনলাইন পোর্টালগুলোকে একটি সুস্পষ্ট নীতিমালার আওতায় আনার কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, দীর্ঘদিন ধরে অনিয়মের মধ্যে পরিচালিত এই খাতকে এখন নিয়মের কাঠামোর মধ্যে আনা হবে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহের নান্দাইল প্রেসক্লাব পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, গত ১৭ বছর ধরে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে মন্ত্রণালয় পরিচালিত হয়েছে এবং সে সময় নিয়মনীতির প্রতি কোনো তোয়াক্কা করা হয়নি। বর্তমান পরিস্থিতিতে সব কার্যক্রম নিয়মের ভিত্তিতে পরিচালিত হবে বলেও তিনি উল্লেখ করেন।
ইয়াসের খান চৌধুরী আরও বলেন, দেশে অনেকেই শুধু একটি মোবাইল ফোন ব্যবহার করে অনলাইন পোর্টাল পরিচালনা করছেন। এ ধরনের উদ্যোগগুলোকেও সরকারি নীতিমালা মেনে চলতে হবে। তবে একই সঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, তারেক রহমানের সরকার গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করতে চায় না।
প্রেসক্লাব পরিদর্শন শেষে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলনকক্ষে আয়োজিত সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন প্রতিমন্ত্রী। সেখানে তিনি সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নানা পরামর্শ ও দিকনির্দেশনা দেন। পরে তিনি নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন।



