লক্ষ্মীপুরের রামগঞ্জে একটি হৃদয়বিদারক ঘটনা ঘটেছে, ভাবীর মৃত্যুর খবর পেয়ে দেবর সবুজ হোসেন (৩৫) নিজেই মৃত্যুবরণ করেছেন।
আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার দরবেশপুর ইউনিয়নে এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রামগঞ্জ উপজেলার বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মরহুম মাহবুবুর রহমান বাহারের (ভিপি বাহার) মৃত্যুর মাত্র চল্লিশ দিনের মধ্যে তার স্ত্রী জেবুন্নেসা রত্না (৪০) গতকাল বুধবার দিবাগত রাত দুইটার দিকে মৃত্যুবরণ করেন।
এ বিষয়ে ঢাকায় অবস্থানরত ভিপি বাহারের ছোট ভাই সবুজ হোসেনের কাছে খবর পৌঁছালে তিনি শারীরিকভাবে ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েন।
তারপরও নিজে রামগঞ্জে ভাবীর জানাজায় অংশগ্রহণের জন্য রওনা দেওয়ার প্রস্তুতি নিলেও হঠাৎ করে হৃদরোগের (হার্ট অ্যাটাক) করলে সঙ্গে থাকা ছোট ভাই মানিক দ্রুত তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিয়ে যান, কিন্তু কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর দ্রুত রামগঞ্জের সব অঞ্চলে ছড়িয়ে পড়লে শহরজুড়ে গভীর শোকের ছায়া নেমে আসে। স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতারা এবং এলাকাবাসী এ অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছেন।
রামগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ মনোয়ার হোসেন (জি এস মনোয়ার) সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, মাহবুবুর রহমান বাহার (ভিপি বাহার) গত ১৬ জানুয়ারি অসুস্থতার কারণে মৃত্যুবরণ করেন। ছোট ভাই সবুজ হোসেনের আকস্মিক মৃত্যুর সঙ্গে এই শোকার্ত পরিবার ও এলাকার মানুষ গভীরভাবে শোকাহত। এই দুগুণ শোকের ঘটনায় রামগঞ্জের মানুষ দুঃখের ছায়ায় নিমজ্জিত হয়েছে।



