জুনিয়র বৃত্তি পরীক্ষা–২০২৫ (জেএসসি) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে লক্ষ্মীপুর জেলায় বৃত্তি প্রাপ্তির দিক থেকে শীর্ষ অবস্থান অর্জন করেছে লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের উদ্যোগে জুনিয়র বৃত্তি পরীক্ষা–২০২৫ এর ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
প্রকাশিত ফলাফলে দেখা যায়, জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ সর্বোচ্চ সংখ্যক বৃত্তি অর্জন করে প্রথম স্থান দখল করেছে।
প্রতিষ্ঠানটি থেকে এ বছর অষ্টম শ্রেণিতে অংশ নেওয়া ৭২ জন শিক্ষার্থীর মধ্যে ১৬ জন ট্যালেন্টপুলে এবং ২৪ জন সাধারণ গ্রেডে উত্তীর্ণ হয়ে মোট ৪০ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। ফলাফলের ভিত্তিতে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজ, যেখানে ১৬ জন ট্যালেন্টপুল ও ১৭ জন সাধারণ গ্রেডসহ মোট ৩৩ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।
এছাড়া লক্ষ্মীপুর সরকারি বালিকা বিদ্যালয় থেকে ১৩ জন ট্যালেন্টপুল ও ১৬ জন সাধারণ গ্রেডসহ মোট ২৯ জন, আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় থেকে ৮ জন ট্যালেন্টপুল ও ২২ জন সাধারণ গ্রেডসহ মোট ৩০ জন এবং প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে ৫ জন ট্যালেন্টপুলে ও ২৫ জন সাধারণ গ্রেডসহ মোট ৩০ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে।
মান্দারী প্রি-ক্যাডেট স্কুল থেকে ট্যালেন্টপুলে ২ জন ও সাধারণ গ্রেডে ১০ জনসহ মোট ১২ জন, পৌর শহীদ স্মৃতি একাডেমি থেকে ৭ জন ট্যালেন্টপুল ও ৬ জন সাধারণ গ্রেডসহ মোট ১৩ জন এবং কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ থেকে ৮ জন ট্যালেন্টপুল ও ১৮ জন সাধারণ গ্রেডসহ মোট ২৬ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।
উল্লেখ্য, জুনিয়র বৃত্তি পরীক্ষা–২০২৫ বাংলা (বিষয় কোড ১০১), ইংরেজি (১০৭), গণিত (১০৯), বিজ্ঞান (১২৭) এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় (১৫০) বিষয়ের ওপর অনুষ্ঠিত হয়। পরীক্ষাগুলো গত বছরের ২৮ থেকে ৩০ ডিসেম্বর এবং চলতি বছরের ৬ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল।



