লক্ষ্মীপুর সদর উপজেলার পালেরহাট এলাকায় অভিযান চালিয়ে জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিনকে অস্ত্রসহ আটক করেছে সেনাবাহিনী। এসময় তার সহযোগী নাইমের বাড়ি থেকে ইয়াবা ও গাঁজাসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
রোববার (১০ আগস্ট) গভীর রাতে সেনাবাহিনীর ক্যাপ্টেন মোঃ রাহাত খানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ফরিদ উদ্দিনের বিরুদ্ধে সদর থানাসহ একাধিক অস্ত্র ও অন্যান্য অপরাধের মামলা রয়েছে। তিনি পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী এবং স্থানীয়ভাবে ইয়াবা কারবারিদের আশ্রয় দেওয়ার অভিযোগও আছে তার বিরুদ্ধে।
অভিযানে তার বাড়ি থেকে একটি একনলা বন্দুক ও নগদ এক লাখ পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী সহযোগী নাঈমের বাড়ি থেকে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।
পুলিশ জানায়, আটক ফরিদ উদ্দিনকে থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হবে।



