লক্ষ্মীপুর সদরে রূপাচরা সফিউল্লাহ উচ্চ বিদ্যালয়ে রাতের আঁধারে জাতীয় পতাকা উড়তে দেখা গেছে। এতে উপস্থিত সাধারণ জনগণের মাঝে নানা প্রশ্ন দেখা দিয়েছে। সন্ধ্যা ৭টা ২০মিনিট পর্যন্ত পতাকা উড়তে দেখা যায়।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টা দিকে সরেজমিন গিয়ে সদর উপজেলার চরশাহী ইউনিয়নের দাসের হাট বাজার সংলগ্ন বিদ্যালয়টির প্রধান শিক্ষকের কক্ষের সামনে খুঁটিতে পতাকা উড়ার দৃশ্য চোখে পড়ে।
খবর নিয়ে জানা গেছে, রূপাচরা সফিউল্লাহ উচ্চ বিদ্যালয় ও গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পাঠদান বন্ধ করে দাসের হাট বাজার পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। দিনব্যাপী দুইটি স্কুল বন্ধ রেখে বাজার কমিটি নির্বাচন হওয়াতে সচেতন অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রীয়া দেখা গেছে।
স্থানীয় সংবাদকর্মী রাশেদ ও নিজাম উদ্দিন ভোটগ্রহণের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ধ্যা ৭ টা ২০ মিনিট পর্যন্ত পতাকা উড়ার দৃশ্য দেখে ক্ষোভ প্রকাশ করছেন। তারা জানান এখন ভাষার মাস কয়েকদিন পরে স্বাধীনতা দিবস। যাদের রক্তের বিনিময়ে আমরা একটি স্বাধীন দেশে ও এ লাল-সবুজের পতাকা পেড়েছি। এ কেমন সম্মান? প্রধান শিক্ষক নির্বাচনের কাজে স্কুলে রয়েছে তবুও তারা পতাকা নামানো হয়নি।
রূপাচরা সফিউল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান বলেন, বাজার কমিটির নির্বাচনের কারণে নিদিষ্ট সময়ের মধ্যে পতাকা নামানো হয়নি। স্কুল বন্ধের বিষয়ে জানতে চাইলে তিনি উত্তর দেননি।
লক্ষ্মীপুর জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ বলেন, যদি এমন সত্যতা হয় তাহলে খুবই দুঃখজনক। বিস্তারিত জেনে ব্যবস্থা নেওয়া হবে।


