গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

১৪ বছরেও বিচার শেষ হয়নি বর্বরতা-নৃশংসতার

জ্যেষ্ঠ প্রতিবেদকঃ
ফেব্রুয়ারি ২৫, ২০২৩ ৮:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

২০০৯ সালের আজকের দিনে অর্থাৎ ২৫ ফেব্রুয়ারি ও ২৬ ফেব্রুয়ারি ঘটে যায় দেশের ইতিহাসে অন্যতম বর্বর ও নৃশংস হত্যাকাণ্ড। পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে হত্যাকাণ্ডে প্রাণ হারান ৫৭ জন সেনা অফিসারসহ মোট ৭৪ জন। সেদিন দেশের বীর সন্তানদের লাশ দেখে স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা বাংলাদেশ। বাংলাদেশের ইতিহাসে জঘন্যতম দিনের ১৪ বছর পূর্ণ হচ্ছে শনিবার।

বহুল আলোচিত এ ঘটনায় দায়ের করা মামলায় (পিলখানা হত্যা মামলা) ১৩৯ জনকে ফাঁসি, ১৮৫ জনকে যাবজ্জীবন ও ২০০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। এটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় মামলা। দীর্ঘ বিচার ও রায় শেষে গত বছরের ৮ জানুয়ারি পিলখানা হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন হাইকোর্ট।

হত্যাকাণ্ডের দিন যেমন ছিল পিলখানার পরিস্থিতি

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি সকাল ৯টা ২৭ মিনিটের দিকে তৎকালীন বিডিআরের বার্ষিক দরবার চলছিল। এসময় পিলখানার দরবার হলে ঢুকে পড়েন একদল বিদ্রোহী সৈনিক। তাদের একজন তৎকালীন বিডিআর মহাপরিচালকের বুকে আগ্নেয়াস্ত্র তাক করেন। এরপরই ঘটে যায় ইতিহাসের সেই নৃশংস হত্যাকাণ্ড। বিদ্রোহী সৈনিকরা সেনা কর্মকর্তাদের ওপর আগ্নেয়াস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েন। একে একে হত্যা করা হয় ৫৭ সেনা কর্মকর্তাকে। বিদ্রোহীরা সেনা কর্মকর্তাদের হত্যা করে তাদের পরিবারকে জিম্মি করে ফেলে। পুরো পিলখানায় এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। চারটি প্রবেশ গেট নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আশেপাশের এলাকায় গুলি ছুড়তে থাকেন তারা।

আরও পড়ুন-    রোকাইয়াকে বাঁচাতে প্রয়োজন ৪ লাখ টাকা

বিদ্রোহীরা দরবার হল ও এর আশপাশে থাকা সেনা কর্মকর্তাদের ওপর গুলি চালাতে থাকেন। তাদের গুলিতে একে একে লুটিয়ে পড়তে থাকেন সেনা কর্মকর্তারা। ঘটনার ৩৬ ঘণ্টা পর এ বিদ্রোহের অবসান হয়। পিলখানা পরিণত হয় এক রক্তাক্ত প্রান্তরে। পরে পিলখানা থেকে আবিষ্কৃত হয় গণকবর। সেখান থেকে উদ্ধার করা হয় সেনা কর্মকর্তাদের লাশ। ৩৬ ঘণ্টার এ হত্যাযজ্ঞে ৫৭ সেনা কর্মকর্তা, একজন সৈনিক, দুই সেনা কর্মকর্তার স্ত্রী, নয় বিজিবি সদস্য ও পাঁচজন বেসামরিক ব্যক্তি নিহত হন।

নৃশংস এই হত্যাকাণ্ডের বিচারকার্য

পিলখানায় বিডিআর বিদ্রোহে নৃশংস হত্যাকান্ড ঘটে ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি। ওই ঘটনায় দায়ের করা হত্যা মামলার বিচার বিচারিক আদালত হয়ে হাইকোর্টে নিষ্পত্তি হতে লেগেছে ৮ বছর। তবে আপিল বিভাগে ৫ বছরের বেশি সময় ধরে চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় আছে দেশের ফৌজদারি মামলার ইতিহাসের সর্বাধিক আসামির এ মামলা।

একই ঘটনায় বিচারিক আদালতে ১৪ বছরের বেশি সময় ধরে নিষ্পত্তির অপেক্ষায় আছে বিস্ফোরক আইনের মামলাটিও। আড়াইশোর বেশি সাক্ষী সাক্ষ্য দিয়েছেন ইতিমধ্যে। হত্যা মামলায় খালাস পাওয়া ২৭৮ জনও বিস্ফোরক মামলার আসামি।

আরও পড়ুন-   লক্ষ্মীপুরে কাউন্সিলরের নেতৃত্বে ভাংচুর : আতঙ্কে ব্যাংকার 

হত্যা মামলায় আপিল বিভাগে আসামিদের পক্ষে আপিলের সারসংক্ষেপ জমা হলে চলতি বছরেই শুনানি হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। চলতি বছরেই বিস্ফোরক মামলার নিষ্পত্তির কথাও জানিয়েছে রাষ্ট্রপক্ষ।

রাষ্ট্রপক্ষ বলছে, ১ হাজার ৩০০-এর বেশি সাক্ষীর এ মামলায় এখন গুরুত্বপূর্ণ সাক্ষীদের সাক্ষ্য নেওয়া হবে। ১৪ বছর আগে সংঘটিত হত্যকান্ডে বিডিআরের (এখন বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা নিহত হন। মোট ৭৪ জনকে হত্যা করা হয়। ঘটনার দুই দিন পর রাজধানীর লালবাগ থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়।

সারসংক্ষেপ পেলেই হত্যা মামলায় শুনানি

পিলখানা হত্যাকান্ডে আসামি করা হয় ৮৫০ জনকে। ২০১৩ সালের ৫ নভেম্বর বিচারিক আদালতের রায়ে ১৫২ জনকে ফাঁসি, ১৬০ জনকে যাবজ্জীবন কারাদ- এবং ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদ- দেওয়া হয়। অপরাধ প্রমাণিত না হওয়ায় খালাস পান ২৭৮ জন। এরপর আসামিদের ডেথ রেফারেন্স (মৃত্যুদ- অনুমোদন) ও আপিলের শুনানির জন্য হাইকোর্টে একটি বৃহত্তর বেঞ্চ গঠন করা হয়।

২০১৭ সালের ২৬ ও ২৭ নভেম্বর বিচারপতি মো. শওকত হোসেনের নেতৃত্বে গঠিত বেঞ্চের রায়ে ১৩৯ আসামির মৃত্যুদন্ড বহাল থাকে। যাবজ্জীবন কারাদন্ড হয় ১৮৫ জনের। যাবজ্জীবন ও বিভিন্ন মেয়াদে দন্ডিত ২৮৩ জন খালাস পান। তিন বিচারপতির সই করা ২৯ হাজার ৫৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় ২০২০ সালের ৮ জানুয়ারি প্রকাশিত হয়।

আরও পড়ুন-  একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী  

উচ্চ আদালতে আসামিপক্ষের আইনজীবী মোঃ আমিনুল ইসলাম বলেন, ‘হাইকোর্টের রায়ের পর ২০২১ সালের জানুয়ারি থেকে বিভিন্ন সময়ে মৃত্যুদন্ড, যাবজ্জীবন কারাদন্ড ও বিভিন্ন মেয়াদে দন্ড পাওয়া অন্তত ২১০ আসামির পক্ষে আপিল ও লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেছেন তারা। মৃত্যুদন্ডপ্রাপ্তদের পক্ষে ২৬টি আপিল, বিচারিক আদালতে খালাসের পর হাইকোর্টে যাদের সাজা হয়েছে, তাদের পক্ষে ২৯টি ও যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্তদের পক্ষে ২৬টি আপিল করা হয়েছে।’

অন্যদিকে হাইকোর্টে অপর্যাপ্ত দন্ড বা খালাসপ্রাপ্ত ৮৩ আসামির বিষয়ে রাষ্ট্রপক্ষে ২০টির বেশি আপিল হয়েছে। রাষ্ট্রপক্ষ বলছে, আপিল করলেও সারসংক্ষেপ দাখিল না হওয়ায় শুনানি শুরু করা যাচ্ছে না।

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা এ এম আমিন উদ্দিন গত বুধবার তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, ‘সাজার বিরুদ্ধে ৩৩ জন আপিল করলেও সারসংক্ষেপ জমা দেননি। এ কারণে মামলাটির শুনানি হচ্ছে না।’

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘শুনানি এ বছরই শুরু হবে কি না, তা আদালতের ওপর নির্ভর করে। আদালতই তারিখ ঠিক করবে। গত বছর শুনানির জন্য আপিল বিভাগে পর্যাপ্ত বিচারক ছিল না। এখন ৮ জন আছে। আশা করি শুনানি শুরু হবে।’ তিনি বলেন, ‘আর্থিক কারণে কেউ যদি আপিল করতে না পারে, তাহলে তার পক্ষে জেল-আপিল হবে। তখন রাষ্ট্র তার পক্ষে একজন আইনজীবী নিয়োগ করবে।’

আরও পড়ুন-  বিকেলে গণতন্ত্র মঞ্চের সাথে বিএনপির বৈঠক  

অ্যাডভোকেট আমিনুল ইসলাম বলেন, ‘সারসংক্ষেপ জমা দেওয়ার আগে আপিল বিভাগ থেকে নোটিস ইস্যু হয়। আমরা এখনো নোটিস পাইনি। শুনেছি, দেশের বিভিন্ন এলাকায় আসামিদের কাছে নোটিস পাঠানো হয়েছে। কয়েকজন যোগাযোগও করেছেন। যেহেতু অবগত হয়েছি, আগামী এক মাসের মধ্যে আবেদনকারীদের পক্ষে সারসংক্ষেপ জমা দেব।’

তিনি বলেন, ‘আপিলের খরচ অনেক বেশি। অনেক আসামি আপিল করতে পারেনি। তবে, শুধু আবেদনের মাধ্যমে আপিল যেন শুনানির জন্য গ্রহণ করা হয়, সে জন্য সুপ্রিম কোর্ট থেকে অনুমতি নেওয়া হয়েছে। জেল-আপিল করতে হলে জেল কর্তৃপক্ষের মাধ্যমে করতে হবে। আমার জানামতে এ মামলায় এখন পর্যন্ত কোনো আসামির পক্ষে জেল-আপিল হয়নি।’

বিস্ফোরক মামলার বিচার চলছে ধীরগতিতে

৮৩৪ আসামির এ মামলায় সাক্ষী করা হয়েছে ১ হাজার ৩৫৭ জনকে। ২০১০ সালের ২৭ জুন অভিযোগ গঠন হয়। ২ ফেব্রুয়ারি পর্যন্ত ২৫৭ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান। মামলাটির বিচারকাজ চলছে পুরান ঢাকার বকশীবাজারে আলীয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতে।

আসামিপক্ষের আইনজীবী ফারুক আহম্মেদ দেশ রূপান্তরকে বলেন, ‘২৭৮ জন আসামি হত্যা মামলায় খালাস পেয়েছিলেন। তারা বিস্ফোরক আইনের মামলায়ও আসামি। কিন্তু এই মামলার নিষ্পত্তি না হওয়ায় হত্যা মামলায় যারা খালাস পেয়েছেন, তারাও মুক্তি পাচ্ছেন না, জামিনও হচ্ছে না।’

আরও পড়ুন-   হৃদরোগ চিকিৎসায় বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণঃ প্রধানমন্ত্রী 

বিস্ফোরক মামলার আসামিদের অন্যতম আইনজীবী আমিনুল ইসলাম বলেন, ‘রাষ্ট্রপক্ষ হত্যা মামলা দ্রুত শেষ করেছে। আর এই মামলা চলছে শ্লথগতিতে। ১০ বছর বা অন্য মেয়াদে কারাদন্ডপ্রাপ্ত অনেক আসামির সাজার মেয়াদ শেষ হলেও এই মামলার কারণে তারা মুক্তি পাচ্ছেন না। তারা দোষী না নির্দোষ তা-ও জানতে পারছেন না। এর অর্থ হলো হত্যা মামলায় খালাস পাওয়া আসামিরা যাতে বেরোতে না পারে, সে জন্যই এই মামলায় ধীরগতি।’

বিস্ফোরক মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোশাররফ হোসেন কাজল বলেন, ‘এটি রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ মামলা। মামলাটি ভালোভাবে পরিচালনা করতে হচ্ছে।’ তিনি বলেন, ‘এত বেশিসংখ্যক সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়তো সম্ভব হবে না। গুরুত্বপূর্ণ সাক্ষীদের সাক্ষ্য নিয়ে এ বছরেই বিচার নিষ্পত্তির চেষ্টা করা হবে।’

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…