পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে লক্ষ্মীপুরের রায়পুরে প্রায় ৮০০ অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সমাজসেবামূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করেন বিএনপি নেতা ও সমাজসেবক মোঃ ইব্রাহিম খলিল।
বুধবার (৩ মার্চ) সকালে রায়পুর পৌরসভার নতুনবাজার এলাকায় তার নিজস্ব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে গত তিনদিন ধরে পর্যায়ক্রমে এসব উপহার বিতরণ করা হয়। এতে বয়স্ক নারী-পুরুষসহ নিম্নআয়ের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।
প্রতিটি উপহার প্যাকেজে ছিল ৫ কেজি চাল, ১ কেজি চিনি, ১ প্যাকেট সেমাই, ১ লিটার সয়াবিন তেল, মসুর ডাল, প্যাকেটজাত দুধ, লবণ ও সাবানসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, রায়পুর উপজেলার ১০নং রায়পুর ইউনিয়নের বিএনপি নেতা এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী ইব্রাহিম খলিল তার ব্যক্তিগত অর্থায়নে এ সহায়তা প্রদান করেন।
এ সময় তিনি বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়াই প্রকৃত আনন্দ। সমাজের অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
উপহারপ্রাপ্তরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।


