বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের তোলা সেলফির বিষয়ে বলেছেন, ‘অবস্থা বোঝেন কত খারাপ, কত খারাপ হলে সেলফি তুলেও কাজ হচ্ছে না। সেলফি তুলে কত দিন একটু ফুরফুরে মেজাজে ছিল। তারপর দেখা যায়, আরেকটা আসছে (মার্কিন ভিসা নিষেধাজ্ঞা)। এরা যে ভুয়া তা সারা বিশ্ব বুঝে গেছে।’
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে সরকার পদত্যাগের ১ দফা দাবির সমাবেশের আমিনবাজার মিরপুর মফিদ ই আম কলেজের নতুন ভবনের মাঠে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।
নিরপেক্ষ নির্বাচনের কথা উল্লেখ করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, পরিষ্কারভাবে বলতে চাই, পদত্যাগ করতে হবে, নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে, নিরপেক্ষ সরকারের মাধ্যমে নিরপেক্ষ, গ্রহণযোগ্য, অংশীদারত্বমূলক নির্বাচন করতে হবে। দেশে নির্বাচিত সরকার হবে, সংসদ হবে, তারা জনগণের কাছে দায়ী থাকবে, জবাবদিহি থাকবে। তার আগে কোনো রক্ষা নেই।
আরও পড়ুন- নিষেধাজ্ঞা নিয়ে কোনো মাথাব্যথা নেইঃ কাদের
বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্য করে আমির খসরু বলেন, আগামীতে কী করবেন আপনারা। কারো অনুমতির দরকার নেই। আমাদের নেতা তারেক রহমান পরিষ্কারভাবে বলেছেন। তার কথা মেনে চলবেন। আগামীতে যে কর্মসূচি আসবে, কারও অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। রাজপথ দখল করে সংগ্রাম চালিয়ে যেতে হবে৷
সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ ও বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো।
ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির পরিবার ও কল্যাণ বিষয়ক সহ সম্পাদক ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু, মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা, বিএনপির ঢাকা জেলা সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি প্রমুখ।



