লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় বিদ্যুৎ বিলের মাত্র ৫ টাকার লেনদেনকে কেন্দ্র করে প্রবাসী আলমগীর হোসেনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন বড় ভাই খোরশেদ আলমের বিরুদ্ধে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ৮নং করপাড়া ইউনিয়নের উত্তর বদরপুর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী সাবিনা ইয়াসমিন জানান, তুচ্ছ লেনদেন নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে বিরোধের সৃষ্টি হয়। সন্ধ্যায় এলাকার একটি চায়ের দোকানে গেলে খোরশেদ আলমসহ কয়েকজন মিলে তার স্বামী আলমগীর হোসেনকে বেধড়ক মারধর করে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাঠি দিয়ে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় অভিযুক্তরা তাকে ঘটনাস্থলে ফেলে রেখে যায়।
নিহতের ছেলে ফরহাদ বলেন, ৫ টাকার জন্য আমাদের এতিম করে বাবাকে যারা খুন করেছে আমি তাদের ফাঁসি বিচার চাই তাদের যেন দ্রুত গ্রেফতার করে।
জানা যায়, নিহত আলমগীর হোসেন দীর্ঘদিন দুবাইয়ে কর্মরত ছিলেন এবং সম্প্রতি ছুটিতে দেশে ফিরেছিলেন। তার আকস্মিক মৃত্যুর খবরে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্ত্রী সাবিনা ইয়াসমিন ও শ্বশুর আবু সায়েদসহ স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে উঠেছে।
এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসীর দাবি, তুচ্ছ ঘটনায় এমন নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দ্রুত জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
অভিযুক্ত খোরশেদ আলমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী গণমাধ্যমকে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


