লক্ষ্মীপুরের রামগতিতে বিশেষ অভিযান চালিয়ে ২৪ ড্রাম অবৈধ জ্বালানি তেল (ডিজেল) উদ্ধার করেছে পুলিশ। এ সময় অবৈধভাবে ডিজেল মজুত করে বেশি দামে বিক্রি করার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত রোববার (১৯ এপ্রিল) উপজেলার চর গাজী ইউনিয়নের ব্রিজঘাট এলাকায় অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ তেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ডিজেলের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৫২ হাজার টাকা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার রামগতির চর গাজী ইউনিয়নের ব্রিজঘাট এলাকার বিভিন্ন স্থানে পুলিশের একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে। অভিযানে অবৈধভাবে মজুত করা ২৪ ড্রাম ডিজেল উদ্ধার করা হয়। বাজারে কৃত্রিম সংকট তৈরি করে অধিক মুনাফায় বিক্রির উদ্দেশ্যে এই তেল মজুত করা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে রামগতি থানায় একটি মামলা দায়ের করেছে। আসামিদের বিরুদ্ধে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ১৩ ও ১৬ ধারায় অভিযোগ আনা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার বিকেলে তাঁকে আদালতে পাঠানো হয়।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৪ ড্রাম ডিজেলসহ একজনকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।’ জনস্বার্থে এ ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


