কক্সবাজারের টেকনাফে শাহপরীর দ্বীপসংলগ্ন নাফ নদী থেকে ৩টি মাছ ধরার নৌকাসহ ১৩ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।
আজ শনিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে শাহপরীর দ্বীপের ঘোলারচর-সংলগ্ন নাইক্ষ্যংদিয়া এলাকায় মাছ ধরার সময় এই ঘটনা ঘটে।
আজ দুপুর সাড়ে ১২টার দিকে এই তথ্য নিশ্চিত করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইনামুল হাফিজ নাদিম।
তিনি (ইউএনও) বলেন, নৌকাসহ জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়ে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কোস্ট গার্ড, বিজিবিকে অবগত করা হয়েছে। তাদের উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।
ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন মীর কাশেম আলী (৪০), গিয়াস উদ্দিন, সালাউদ্দিন (১৮), মহিউদ্দিন (২২), কালু মিয়া (৫৫), মোস্তাফিজুর রহমান (৪০), ফরিদ হোসেন (৩০), রবিউল হাসান (১৭), কালাম (৩০), হোসেন আহমদ (৩৮), আবু তাহের (৪০), আবদুল খালেক ও জাবের মিয়া (২৪)। তাঁদের বাড়ি টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের মাঝেরপাড়া ও ডাংগরপাড়া এলাকায়।
শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া জেলে সমিতির সভাপতি আবদুল গফুর বলেন, আরাকান আর্মির সদস্যরা স্পিডবোট নিয়ে এসে ধাওয়া করে অস্ত্রের মুখে জেলেদের ধরে নিয়ে যায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কোস্ট গার্ড, বিজিবিকে জানানো হয়েছে। জেলেদের পরিবারসহ কোস্ট গার্ড অফিসে যাচ্ছি। তাদের উদ্ধার বা ফেরত আনার বিষয়ে বিজিবি, কোস্ট গার্ড কাজ করছে।
টেকনাফের বাসিন্দারা জানান, আরাকান আর্মির কারণে সম্প্রতি নাফ নদীতে মাছ শিকারে যেতে ভয় পাচ্ছেন জেলেরা। নতুন করে ধরে নিয়ে যাওয়ায় জেলে পরিবারগুলো আতঙ্কের মধ্যে পড়ল।



