ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন না করায় রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার এক ভোটকেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসারকে দুই মাসের জন্য সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (৮ মার্চ) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।
ইতোমধ্যে এ সিদ্ধান্তের কথা রাঙামাটি জেলা প্রশাসককে জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিগত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ২৯৯ রাঙ্গামাটি আসনের বিলাইছড়ি উপজেলার রাইমংছড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় (হেলিসটি) ভোটকেন্দ্রে সহকারী প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগপ্রাপ্ত আবদুল্লাহ আল মামুন। তিনি কোনোকিছু না জানিয়ে দায়িত্ব পালনে বিরত থাকেন; যা নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১ (সংশোধিত) এর ধারা ৫(১) অনুযায়ী অসদাচরণ।
ইসি জানিয়েছে, এর পরিপ্রেক্ষিতে আইনটির ৫(৩) ধারা অনুযায়ী তাকে ২ মাসের জন্য চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া অভিযুক্তের নিয়োগকারী কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে আইন অনুযায়ী শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে কমিশন।



