জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) আয়োজনে খাদ্য সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে ইতালির পথে যাত্রা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে তার সঙ্গে কয়েকটি মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা আছেন।
রবিবার (২৩ জুলাই) ভোরে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে (কিউআর-৬৪৩) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন প্রধানমন্ত্রী। রোম সফরে দেশটির সঙ্গে দুটি সমঝোতা স্মারক সই করবে বাংলাদেশ।
প্রধানমন্ত্রীর ইতালি সফর নিয়ে গত বৃহস্পতিবার (২০ জুলাই) এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, আগামী ২৪ থেকে ২৬ জুলাই ইতালির রোমে এফএও’র আয়োজনে খাদ্য সম্মেলন অনুষ্ঠিত হবে। জাতিসংঘ মহাসচিবের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল যোগদান করবেন।
আরও পড়ুন- ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮৯৬ জন হাসপাতালে ভর্তি
পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী রোমে অবস্থানকালে ২৫ জুলাই ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। প্রধানমন্ত্রীর সফরকালে বাংলাদেশ ও ইতালির মধ্যে দুটি সমঝোতা স্মারক সই হবে বলে আশা করা যাচ্ছে। সফর শেষে আগামী ২৬ জুলাই শেখ হাসিনা ঢাকার উদ্দেশে রওনা দেবেন।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী মাহবুব আলী, মন্ত্রী পরিষদ সচিব, মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর প্রেস সচিব, তিন বাহিনীর প্রধান, পুলিশ মহাপরিদর্শকসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।
ইতালির রোমে ২৪-২৬ জুলাই ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন (এফএও)’র সদর দফতরে ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য টেকসই খাদ্য ব্যবস্থা: একটি যূথযাত্রায় বিভিন্ন পথ’ প্রতিপাদ্য নিয়ে ইউএনএফএসএস+২ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।



