গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. পরিবেশ প্রকৃতি
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

২৫ বছর ইমামতি, তবু নেই ন্যায্য বেতন: লক্ষ্মীপুরে মুয়াজ্জিনদের করুণ বাস্তবতা

তাবারক হোসেন আজাদ
ফেব্রুয়ারি ২৮, ২০২৬ ৭:০৩ অপরাহ্ণ
Link Copied!

শীত, বন্যা, ঝড়সহ নানা প্রাকৃতিক দুর্যোগ ও সামাজিক প্রতিবন্ধকতার মধ্যেও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনরা। কিন্তু তাদের প্রাপ্ত সম্মানী এতই সামান্য যে তা দিয়ে পরিবার চালানো তো দূরের কথা, ন্যূনতম চাহিদাও পূরণ করা সম্ভব হচ্ছে না। ফলে অনেকেই সরকারিভাবে বেতন-ভাতার আওতায় আনার দাবি জানিয়েছেন।

ইসলামিক ফাউন্ডেশন এর লক্ষ্মীপুর কার্যালয় সূত্রে জানা গেছে, সরকারি তালিকা অনুযায়ী জেলায় প্রায় ৩ হাজার ৪০৫টি মসজিদ রয়েছে। এসব মসজিদে ইমাম, মুয়াজ্জিন, খতিব ও খাদেম মিলিয়ে জনবল প্রায় ৫ হাজার ২৫৫ জন। জেলায় ৬টি মডেল মসজিদের মধ্যে ৩টির নির্মাণকাজ সম্পন্ন হয়েছে এবং ৩টির কাজ চলমান। মডেল মসজিদে একজন ইমাম, একজন মুয়াজ্জিন ও দু’জন খাদেম নিয়োগ দেওয়া হবে এবং কেবল তারাই সরকারিভাবে বেতন-ভাতা পাবেন।

শহরাঞ্চলের কিছু মসজিদে ইমাম-মুয়াজ্জিনদের নির্ধারিত সম্মানী থাকলেও গ্রামাঞ্চলের অধিকাংশ মসজিদে সেই সুযোগ নেই। মুসল্লি ও মসজিদ কমিটির দেওয়া অল্প অনুদানই তাদের আয়ের একমাত্র ভরসা। অনেকেই নিয়মিত বেতনও পান না।

২৫ বছর ইমামতি, নেই নিয়মিত বেতন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট এলাকার পান্জেগানা মসজিদের ইমাম হাফেজ মো. আবদুল কাদের গত ২৫ বছর ধরে ইমামতি করছেন। ছয় সদস্যের পরিবারের একমাত্র উপার্জনকারী তিনি। শুরুতে মাসে ৫০০ টাকা সম্মানী পেলেও গত ২৫ বছরে নিয়মিত কোনো বেতন পাননি।

তিনি বলেন, “বাংলাদেশে সব মানুষের মূল্য আছে, কিন্তু ইমাম-মুয়াজ্জিনদের কোনো মূল্য নেই—না সমাজে, না সরকারের কাছে। আমরা যে সম্মানী পাই, তা দিয়ে চা-পান খাওয়াও কষ্টকর। এ দিয়ে সংসার চালানো অসম্ভব। সামনে রমজান, পরিবার নিয়ে কীভাবে চলব জানি না।”

৫ হাজার টাকায় ছয়জনের সংসার

দক্ষিণ চরবংশী ইউনিয়নের আখনবাজার জামে মসজিদের ইমাম মাজেদুল ইসলাম (৫৫) সাত বছর ধরে দায়িত্ব পালন করছেন। ছয় সদস্যের পরিবারের জন্য তিনি মাসে পান মাত্র ৫ হাজার টাকা।

তার ভাষায়, “মন চাইলেও ভালো কিছু কিনে খেতে পারি না। সংসার চালাতে অন্তত ১৫ হাজার টাকা লাগে। ফলমূল তো দূরের কথা, ঠিকমতো খাবারই জোটে না। রমজান সামনে—কীভাবে চলব, আল্লাহই জানেন।”

মুয়াজ্জিনির পাশাপাশি মুদি দোকান

হায়দরগঞ্জ এলাকার কাঠেরপুল জামে মসজিদের মুয়াজ্জিন মো. কবির হোসেন ২০ বছর ধরে দায়িত্বে আছেন। কয়েক বছর আগে থেকে মাসে ৩ হাজার টাকা সম্মানী পাচ্ছেন। ছয় সদস্যের সংসার চালাতে তিনি মসজিদের দায়িত্বের পাশাপাশি ছোট একটি মুদি দোকান চালান।

তিনি বলেন, “৩ হাজার টাকা দিয়ে সংসার চালানো অসম্ভব। ছেলেমেয়ের লেখাপড়াসহ মাসে প্রায় ২০ হাজার টাকা লাগে। দোকানের আয় যোগ করেও কষ্টে চলতে হয়।”

দাবি উঠেছে রাষ্ট্রীয় বেতনের

মুসল্লি মো. শহীদ পাটোয়ারী বলেন, “মসজিদ থেকে যে সম্মানী দেওয়া হয়, তা দিয়ে ইমাম-মুয়াজ্জিনদের মৌলিক চাহিদা পূরণ হয় না। সমাজ ও সরকারের উচিত তাদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করা।”

রায়পুর নতুন বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাহবুব ইজ্জুদ্দীন বলেন, “সরকারিভাবে বেতন-ভাতার আওতায় আনা গেলে ইমাম-মুয়াজ্জিনদের আগ্রহ ও দায়িত্ববোধ আরও বাড়বে। পাশের দেশগুলোতেও এ ব্যবস্থা রয়েছে।”

রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার বলেন, “মডেল মসজিদের ইমাম-মুয়াজ্জিনরা সরকারিভাবে বেতন পাচ্ছেন। অন্যদেরও যদি ভাতা বা টিসিবির সহায়তার আওতায় আনা যায়, তাহলে তারা রমজান ও ঈদ ভালোভাবে পালন করতে পারবেন।”

ইসলামিক ফাউন্ডেশনের লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মশিউর রহমান ভুইয়া জানান, “জেলার ৬টি মডেল মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদের ইমাম-মুয়াজ্জিনরা সরকারিভাবে ভাতা পান না। তাদের বেতন-ভাতার আওতায় আনতে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছি। বিষয়টি নিয়ে কাজ চলছে।”

ধর্মীয় ও সামাজিক দায়িত্ব পালনে নিবেদিতপ্রাণ এই ইমাম-মুয়াজ্জিনরা দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে জীবনযাপন করছেন। রাষ্ট্রীয়ভাবে বেতন-ভাতার আওতায় আনা গেলে হাজারো পরিবারের মুখে হাসি ফুটবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Editor

Editor

সম্পাদক

সর্বমোট নিউজ: 62

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…