চলমান ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভোট দিয়েছেন।
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টায় গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ সেন্টারের দ্বিতীয় তলার একটি বুথে ভোট দেন।
গুলশানের এই ভোট কেন্দ্রে তারেক প্রথমবার ভোট দিলেন। এর আগে ২০০১ সালে তিনি ঢাকা সেনানিবাসের আদমজী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের ভোটার ছিলেন।
তারেক রহমান ঢাকা-১৭ আসনে ধানের শীষের প্রার্থী; একই সঙ্গে তিনি বগুড়া-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
একই কেন্দ্রে ভোট দিয়েছেন তারেক রহমানের সহধর্মিনী জুবাইদা রহমান ও তার মেয়ে জাইমা রহমান। জাইমা এবারই প্রথম ভোটার হয়েছেন।
সকাল সাড়ে নয়টার দিকে তারেক রহমান ও তার স্ত্রী, মেয়েকে সঙ্গে নিয়ে কেন্দ্রে প্রবেশ করেন।
ভোট কেন্দ্রে বিএনপি চেয়ারম্যানকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন তার প্রধান নির্বাচনি এজেন্ট আবদুস সালাম ও অধ্যাপক ফরহাদ হালিম ডোনার।



