দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে ঢাকা-১১ আসনে বিএনপির প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের করা আপিলের শুনানি নির্বাচনের পর হবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে তার নির্বাচনে অংশ নিতে এম এ কাইয়ুমের কোনো বাধা থাকলো না বলে জানিয়েছেন আইনজীবীরা।
আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
আবেদনে নাহিদ ইসলাম উল্লেখ করেছিলেন, এম এ কাইয়ুম ভানুয়াতু নামের একটি দেশের নাগরিক।
আদালতে নাহিদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন, আইনজীবী এম কে শাহনেওয়াজ ও জহিরুল ইসলাম মুসা। কাইয়ুমের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও মো. রুহুল কুদ্দুস।
সময় চাওয়ার পরিপ্রেক্ষিতে আদালত ‘নট টুডে’ দিয়েছেন বলে জানান নাহিদের অন্যতম আইনজীবী এম কে শাহনেওয়াজ। তিনি বলেন, ‘নির্বাচনের পরে নাহিদের লিভ টু আপিলের শুনানি হবে।’
কাইয়ুমের জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম বলেন, ‘আবেদনকারীপক্ষ সময় চেয়েছে। আদালত নট টুডে রেখেছেন। এ হিসেবে নির্বাচনের পরে লিভ টু আপিলের (আপিল করার অনুমতি চেয়ে আবেদন) ওপর শুনানি হতে পারে। কাইয়ুমের যথারীতি নির্বাচন করতে আইনগত কোনো বাধা নেই।’
এছাড়া কুমিল্লা-৩ আসনে বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে দায়ের করা আবেদন আপিল বিভাগেও খারিজ করে দিয়েছে।
ফলে তারও নির্বাচন করতে বাধা নেই। দ্বৈত নাগরিকত্বের অভিযোগ এনে তার বিরুদ্ধে লিভ টু আপিল করেছিলেন ওই আসনের জামায়াতের প্রার্থী ইউসুফ সোহেল।
এছাড়া বগুড়া-১ আসনে বিএনপির প্রার্থী কাজী রফিকুল ইসলামের প্রার্থিতা চ্যালেঞ্জ করে দায়ের করা আপিলের শুনানি নির্বাচনের পর হবে বলে আদেশ দেন আপিল বিভাগ।
এর আগে রাজধানীর সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই শেষে গত ৩ জানুয়ারি কাইয়ুমের মনোনয়ন বৈধ ঘোষণা করে তা গ্রহণ করেন রিটার্নিং কর্মকর্তা। বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা গত ২২ জানুয়ারি কাইয়ুমকে ‘ধানের শীষ’ প্রতীক বরাদ্দ দেন।
তবে কাইয়ুম ভানুয়াতু নামের একটি দেশের নাগরিক, অর্থাৎ দ্বৈত নাগরিক— এমন অভিযোগ তুলে রিটার্নিং কর্মকর্তার ওই দুই সিদ্ধান্তের বৈধতা নিয়ে ২ ফেব্রুয়ারি হাইকোর্টে রিট করেন নাহিদ। কাইয়ুম দ্বৈত নাগরিক এবং এই তথ্য তিনি হলফনামায় গোপন করেছেন বলে রিটে অভিযোগ করা হয়।
শুনানি নিয়ে হাইকোর্ট ৩ ফেব্রুয়ারি রিট আবেদনটি সরাসরি খারিজ করে দেন। এর বিরুদ্ধে ৫ ফেব্রুয়ারি লিভ টু আপিল করেন নাহিদ। লিভ টু আপিলে কাইয়ুমের প্রার্থিতা বৈধ ঘোষণা ও তাঁকে প্রতীক (ধানের শীষ) বরাদ্দের সিদ্ধান্ত স্থগিত চাওয়া হয় বলে জানিয়েছেন নাহিদের এক আইনজীবী।
নাহিদের করা লিভ টু আপিল গতকাল আপিল বিভাগের চেম্বার আদালতে ওঠে। চেম্বার আদালত লিভ টু আপিলটি আজ মঙ্গলবার আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করেন। এর ধারাবাহিকতায় লিভ টু আপিলটি শুনানির জন্য আপিল বিভাগের আজকের কার্যতালিকায় ওঠে।



