বগুড়া-৬ আসনের উপ-নির্বাচন ও শেরপুর-৩ আসনের সংসদ নির্বাচন নিয়ে এখন পর্যন্ত আশঙ্কার কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
আজ বুধবার (১১ মার্চ) দুপুরে নির্বাচন ভবনে সশস্ত্র বাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধির সঙ্গে বৈঠক শেষে উপ নির্বাচন ও সংসদ নির্বাচন সম্পের্ক এ কথা জানান তিনি।
ইসি সচিব বলেন, ফলাফলে কোনো প্রভাব না পড়ায় শেরপুর-৩ সংসদীয় আসনে গণভোট হবে না। আর বগুড়া-৬ আসনে গণভোট হয়েছে; শুধু উপনির্বাচন হবে।
নিরাপত্তা নিশ্চিতে পুলিশের বডিওর্ন ক্যামেরা বেশি থাকবে জানিয়ে তিনি বলেন, তবে তা রিটার্নিং কর্মকর্তার চাহিদা অনুযায়ী হবে।
আখতার আহমেদ বলেন, এখন পর্যন্ত ভোট নিয়ে আশঙ্কার কোনো তথ্য পাওয়া যায়নি। পোস্টাল ভোট দুই আসনেই হবে। ফলাফল দ্রুত প্রকাশ হবে।
রাজনৈতিক দল ও প্রার্থীরা দায়িত্বশীল আচরণ করবেন বলেও প্রত্যাশা ইসির সিনিয়র সচিবের।



