ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রতিক্রিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বিজয়ী প্রার্থীদের জনতার দেওয়া প্রতিশ্রুতি রক্ষার আহ্বান জানিয়েছেন।
আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বিজয়ী প্রার্থী ও নির্বাচন– সংশ্লিষ্টদের শুভেচ্ছা জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম এসব কথা বলেন।
বিবৃতিতে রেজাউল করিম বলেন, ‘বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গতকাল অনুষ্ঠিত হয়েছে। কিছু অনিয়ম ও বিশৃঙ্খলা থাকলেও বাংলাদেশের বাস্তবতায় একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন হয়েছে। এ জন্য অন্তর্বর্তী সরকার, নির্বাচন কমিশন ও নির্বাচন–সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই।’
বিবৃতিতে ইসলামী আন্দোলন আমির আরও জানান, বিজয়ী প্রার্থীরা জনতার কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করবেন বলে তিনি আশা করেন। জনতার প্রত্যাশার প্রতি দায়বদ্ধ থাকার আহ্বানও জানান। জুলাই গণঅভ্যুত্থানে মানুষ যে প্রত্যাশা নিয়ে জীবন ও রক্ত উৎসর্গ করেছে, তার প্রতি শ্রদ্ধা রক্ষারও আহ্বান জানান তিনি।
চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ এবার নির্বাচনে সারা দেশে ২৫৩ জন প্রার্থী দেয়। হাতপাখা প্রতীকে ২৫৩টি আসনের মধ্যে বরগুনা-১ আসনে কেবল জয় পায় দলটি।





