দেশের চার জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। মৌলভীবাজার, পঞ্চগড়, রাজশাহী ও পাবনা জেলায় জেঁকে বসা এই শীত আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি সপ্তাহের শেষ দিকে শীতের তীব্রতা কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া ও কুয়াশার পরিস্থিতি পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। সিনপটিক অবস্থা সম্পর্কে আবহাওয়া অধিদপ্তর জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। অন্যদিকে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মৌলভীবাজার, পঞ্চগড়, রাজশাহী ও পাবনা জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) আবহাওয়া শুষ্ক থাকবে। ভোরের দিকে নদী অববাহিকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
রোববার (৮ ফেব্রুয়ারি) সারা দেশে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। নদী অববাহিকায় কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে নদী অববাহিকার কিছু এলাকায় কুয়াশা পড়তে পারে। তবে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সারা দেশে শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। ভোরের দিকে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে আরও জানানো হয়েছে, এই সময়ের পর সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে।



