ঢাকাSaturday , 19 July 2025

‘প্রয়োজনে’ গোপালগঞ্জে নিহতদের ময়নাতদন্ত: স্বরাষ্ট্র উপদেষ্টা

Link Copied!

দরকার হলে গোপালগঞ্জে সহিংসতায় নিহতদের ময়নাতদন্ত করা হবে বলে মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “ময়নাতদন্ত, ঢাকার যেটা আছে, সেটার ময়নাতদন্ত হচ্ছে। আর কয়েকটা ডেডবডি তারা নিজেরা নিয়ে চলে গেছে, ময়নাতদন্ত কীভাবে হবে? ওইগুলোর যদি দরকার হয়, ময়নাতদন্ত হবে। প্রয়োজনে উত্তোলন করেও ময়নাতদন্ত করা যায়।”

শনিবার (১৯ জুলাই) ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বুধবার গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে দফায় দফায় হামলার পর পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ বাঁধে।

একপর্যায়ে পুরো শহরে সংঘাত ছড়িয়ে পড়ে। তাতে চারজন নিহত হলেও ময়নাতদন্ত ছাড়াই শেষ কাজ সম্পন্ন করা হয়। গুলিবিদ্ধ আরেকজন বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেলে মারা যান, যার ময়নাতদন্তের তথ্য দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর বলেন, “যারা নিউজ লাইভ করেছেন, তাদের মনে হয় এ ধরনের প্রশ্ন থাকবে না। আর যারা ছিলেন না, তাদের বহু ধরনের প্রশ্ন হয়। যারা লাইভ করেন, অনেক প্রশ্নের সঠিক উত্তর সেখানে পাওয়া যায়। তা না হলে স্পেকুলেশন মানে আমরা এসি রুমে বসে অনেক স্পেকুলেট করতে পারি। অনেকে অনেক কথা বলেন।”

গোপালগঞ্জে সহিংসতার বিষয়ে গোয়েন্দাদের ব্যর্থতা ছিল কি না, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটার ব্যাপারে একটা হাই পাওয়ার কমিটি গঠন করা হয়েছে, কমিটি নির্ধারণ করবে এটা কার দায়।”

থার্ড টার্মিনাল পরিদর্শনের কারণ ব্যাখ্যায় উপদেষ্টা জাহাঙ্গীর বলেন, “এখানে ইমিগ্রেশন কী অবস্থায় আছে, কত জনবল লাগবে- সে ব্যাপারে খোঁজ নিতে এসেছি।”

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “প্রায় চারশ জনবল লাগবে নতুন থার্ড টার্মিনালের ইমিগ্রেশনে।”

শীর্ষ সংবাদ | নয়ন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।