সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের নামে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, কম্বোডিয়াসহ বিশ্বের নয়টি দেশে ১১২২টি ফ্ল্যাট, প্লট ও বাড়ির সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বাংলাদেশি টাকায় এসব সম্পদের আনুমানিক মূল্য প্রায় ১১ হাজার কোটি টাকা।
খোঁজ পাওয়া সম্পদের বিবরণ অনুযায়ী, সবচেয়ে বেশি সম্পদ যুক্তরাজ্যে— সেখানে ৮০৬টি স্থাবর সম্পত্তি রয়েছে। এছাড়া কম্বোডিয়ায় ১১৬টি, দুবাইতে ৭৩টি, মালয়েশিয়ায় ৪৭টি, যুক্তরাষ্ট্রে ৪১টি, থাইল্যান্ডে ২৪টি, ভারতে ১১টি, ভিয়েতনামে ৪টি এবং ফিলিপাইনে ২টি সম্পদ মিলেছে। এসব সম্পদের অধিকাংশই ফ্ল্যাট, তবে কিছু প্লট ও বাড়িও রয়েছে।
দুদক সূত্রে জানা গেছে, এসব সম্পদের সুনির্দিষ্ট তথ্য পেতে সংশ্লিষ্ট দেশগুলোতে ১১টি মিউচ্যুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএআর) পাঠানো হয়েছে। তবে, এখন পর্যন্ত মাত্র দুটি দেশ থেকে জবাব মিলেছে। দুদক এই সম্পদ উদ্ধারে আইনি চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও দুবাইতে বাংলাদেশের আদালতের ৬টি ক্রোক আদেশ পাঠানো হয়েছে।


