বিনোদন ডেস্ক: ভারতীয় বর্ষীয়ান অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে তোলপাড় টলিউড। পরস্পরবিরোধী বয়ানে ধোঁয়াশা বাড়ছে।
রহস্যের জট খুলতে এবার রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের করেছে ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্ট ফোরাম। এফআইআরের কপিতে সই করেছেন প্রয়াত অভিনেতার স্ত্রী প্রিয়াঙ্কা সরকারও।এদিন রিজেন্ট পার্ক থানায় আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে এফআইআরটি দায়ের করেন সংগঠনের সাধারণ সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায়। আর্টিস্ট ফোরামের স্পষ্ট অভিযোগ, ম্যাজিক মোমেন্টসের দুই ডিরেক্টর শৈবাল বন্দ্যোপাধ্যায় ও লীনা গঙ্গোপাধ্যায় এবং অন্যন্য অপরাধমূলক ষড়যন্ত্রে(Criminal Conspiracy) লিপ্ত হন। ওড়িশার বালেশ্বর জেলার তালসারি সামুদ্রিক থানার (Talsari Marine PS) অন্তর্গত তালসারি সমুদ্র সৈকতে অত্যন্ত গাফিলতির সাথে শুটিং পরিচালনা করা হয়। তার ফলেই অভিনেতা অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ওরফে রাহুলের মৃত্যু হয়। পরবর্তীকালে প্রযোজন সংস্থার তরফে মিথ্যা বিবৃতিও দেওয়া হয়।
এর আগে, শুক্রবার রাতে আর্টিস্ট ফোরামের তরফে একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করে জানানো হয়েছে যে, আজ, শনিবার দুপুরে সংশ্লিষ্ট থানায় এই অভিযোগ দায়ের করবে তারা। বস্তুত, বৃহস্পতিবার রাতে জরুরি সাংবাদিক বৈঠক ডেকেছিলেন আর্টিস্ট ফোরামের ওয়ার্কিং প্রেসিডেন্ট অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বৈঠক শেষে আবেগঘন কণ্ঠে প্রসেনজিত্ বলেন, ‘রাহুল চলে গিয়েছে, সে তো আর ফিরবে না। অন্তত ওর ছেলেটা জানুক, তার বাবার মৃত্যু ঠিক কীভাবে হয়েছিল’।
আর্টিস্ট ফোরামের দাবি, গত ১লা এপ্রিল প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-কে চিঠি পাঠিয়ে অভিনেতার মৃত্যুর সঠিক কারণ জানতে চাওয়া হয়েছিল। ২রা এপ্রিল সেই চিঠির উত্তর দিলেও তাতে সন্তুষ্ট হতে পারেননি ফোরামের সদস্যরা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন জল্পনা এবং সহকর্মীদের মনে দানা বাঁধা সন্দেহ দূর করতেই এই স্বচ্ছ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানানো হয়েছে। একজন প্রতিভাবান অভিনেতার শুটিং ফ্লোরে এমন মৃত্যু টলিউডের নিরাপত্তা ব্যবস্থা এবং কাজের পরিবেশ নিয়েও প্রশ্ন তুলে দিয়েছে। ‘কেন ও কীভাবে রাহুলের মৃত্যু হলো’— এই একটিমাত্র প্রশ্নের উত্তর খুঁজতেই মরিয়া আর্টিস্ট ফোরাম।
গত ২৯শে মার্চ ২০২৬, ওড়িশার তালসারিতে শুটিং চলাকালীন সমুদ্রে ডুবে মৃত্যু হয় রাহুলের। কিন্তু দুর্ঘটনার সময় তিনি শুটিং করছিলেন, না কি শুটিং শেষ হয়ে গিয়েছিল— তা নিয়ে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে পরস্পরবিরোধী বয়ান আসায় দানা বাঁধে রহস্য।


