নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেন এবং সুইডেন রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ফন লিন্ডে’র সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ মঙ্গলবার (৮ নভেম্বর) বিকাল সোয়া ৩টা থেকে প্রায় ৪টা পর্যন্ত গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীও উপস্থিত ছিলেন।
জানা গেছে, আগামী নির্বাচনসহ বিরোধী দলের সভা-সমাবেশে বাধাসহ বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এই দুই রাষ্ট্রদূতের আলোচনা করে ও বর্তমান সময়ের অবস্থা তুলে ধরে বিএনপি।
এসময় আগামী নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান জানতে চান তারা।
এ সময় বিএনপির পক্ষ থেকে বলা হয়, দেশের মানুষের চাওয়া সব দলের অংশগ্রহণে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। যেখানে তারা তাদের পছন্দের প্রার্থীকে বেছে নেওয়ার সুযোগ পায়। কিন্ত দলীয় সরকারের অধীনে সেটা সম্ভব নয়। তাই নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকারের দাবিতে বিএনপি গণতান্ত্রিক আন্দোলন করছে।
আরও পড়ুন- সাতকানিয়ায় অপহরণ করে গণধর্ষণ, আসামি গ্রেপ্তার
বৈঠকের শেষে রাষ্ট্রদূতরা বেরিয়ে যাওয়ার পর আমীর খসরু সাংবাদিকদের বলেন, ‘তারা এসেছেন মূলত বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট, সার্বিক যে ঘটনাগুলো ঘটছে, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা, এক কথায় সব কিছু মিলিয়ে আলোচনা হয়েছে। ভেতরে কী আলোচনা হয়েছে সেটা তো আমি বলতে পারব না। তবে আলোচনা সম্পর্কে আমি এতটুকু বলতে পারি যে, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যে বিষয়গুলো আছে সব কিছু নিয়েই আলোচনা হয়েছে।’
নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে কিনা- জানতে চাইলে তিনি বলেন, নির্বাচন তো অবশ্যই। কারণ নির্বাচন এখন সবার মাথায় আছে। দেশে ও দেশের বাইরে সবার কাছে নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে সবাই কনসার্ন আছে। ‘এটা তো বিশ্বজুড়ে সবার কনসার্ন। সবাই তো চাইবে, বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার আসুক, একটা নির্বাচিত সংসদ আসুক- সবার সেটা প্রত্যাশা ন্যাচারেলি। সেটার ওপরে উনারা আলাপ করেছেন, জানতে চেয়েছেন আগামী দিনগুলো কী হতে পারে। বাংলাদেশের ভবিষ্যত রাজনীতি, গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন, জীবনের নিরাপত্তা সব কিছু মিলিয়ে আলোচনা হয়েছে।’



