নভেম্বরে শীত শুরুর পর লোডশেডিং কমতে পারে উল্লেখ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘বিদ্যুৎ পরিস্থিতি সাময়িক। আশা করছি, নভেম্বরে পরিস্থিতির উন্নতি হতে পারে। নভেম্বরে শীত শুরুর পর লোডশেডিং কমতে পারে।’
আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাজধানীর ব্র্যাক সেন্টারে বেসরকারি উন্নয়ন সংস্থা অক্সফাম আয়োজিত বাংলাদেশ ‘এনডিসি পরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই জ্বালানি ব্যবস্থাপনা’ শীর্ষক সংলাপে তিনি একথা বলেন।
জ্বালানি আমদানি কমাতে এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের জন্য সরকার জুলাই মাসে সব ডিজেল-চালিত বিদ্যুৎকেন্দ্রের কার্যক্রম স্থগিত করে বিদ্যুৎ সাশ্রয়ে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন শুরু করে। আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে এলএনজি আমদানিও একই উদ্দেশ্যে স্থগিত করা হয়, ফলে সারাদেশে লোডশেডিং শুরু হয়।
আরও পড়ুন- লক্ষ্মীপুরে শিশুকে সিগারেটের আগুণে নির্যাতন : ক্ষত-বিক্ষত শরীর
আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে এলএনজি আমদানি আবার শুরু করতে এবং উচ্চ মূল্যে কারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ব্যবসায়ীদের অনুরোধের কথা উল্লেখ করে নসরুল বলেন, সরকার সব বিকল্প মূল্যায়ন করছে।
তিনি বলেন, ব্যবসায়ীদের প্রয়োজন সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিয়ে আমরা কাজ করছি।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে উল্লেখ করে নসরুল হামিদ বলেন, নবায়নযোগ্য জ্বালানির প্রসারে প্রয়োজন উন্নত প্রযুক্তি ও ব্যাপক বিনিয়োগ। এ ক্ষেত্রে উন্নয়ন সহযোগী সংস্থাগুলোকে দায়িত্বশীল অবদান রাখতে হবে। বিকল্প উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনকে সরকার সব সময় উৎসাহিত করে।
তিনি আরো বলেন, তার মন্ত্রণালয় এলএনজি আমদানির বিষয়ে ব্রুনাইকে একটি বিশদ প্রস্তাব পাঠিয়েছে। এখন তাদের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছে। ব্রুনাই থেকে প্রতিক্রিয়া পেতে আরো এক সপ্তাহ সময় লাগতে পারে বলেও জানান প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
আরও পড়ুন- তিনটা সমাবেশ করতেই আ.লীগের কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে
তিনি বলেন, টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির দক্ষ ব্যবস্থাপনার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নেট মিটারিং পদ্ধতির মাধ্যমে বাণিজ্যিক মডেল দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ফারহিনা আহমেদ, ইমপ্রেস নিউটেক্স কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের পরিচালক নাফিজ-উদ-দৌলা ও অক্সফাম বাংলাদেশের অনুষ্ঠান পরিচালক মাহমুদা সুলতানা বক্তব্য দেন।



