লক্ষ্মীপুরের রায়পুরে ব্যাংকে বিদ্যুৎ বিল পরিশোধের পর বাড়ি ফেরার পথে একটি অটোরিকশার চাপায় মোহাম্মদ উল্লাহ (৭২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
সোমবার (১৬ মার্চ) দুপুরে রায়পুরের কেরোয়া ইউনিয়নের জোড়পুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ উল্লাহ কেরোয়া ইউনিয়নের সুকুন আলী বেপারীর বাড়ীর মৃত আবদুর রশীদের ছেলে। তিনি স্ত্রী, ৫ ছেলে ও ৪ মেয়েসহ নাতি-নাতনির সংসার পরিত্যাগ করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোহাম্মদ উল্লাহ ইসলামি ব্যাংক এজেন্ট শাখায় বিদ্যুৎ বিল পরিশোধের পর বাড়ি ফিরছিলেন। বাড়ীর কাছাকাছি পৌঁছালে বেপরোয়া গতির একটি অটোরিকশা তাকে পেছন থেকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।
নিহতের ছেলে ইসমাইল বলেন, “বাবা বিদ্যুৎ বিল পরিশোধ করে বাড়ি ফিরছিলেন। তার মৃতদেহ সড়কে পড়ে ছিল। হৃদয়বিদারক এই ঘটনায় পুরো পরিবার বিপর্যস্ত।” তবে পরিবারের পক্ষ থেকে চালককে ক্ষমা করা হয়েছে।
রায়পুর থানার উপ-পরিদর্শক (এসআই) জানান, চালকসহ অটোরিকশা জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে ক্ষমা পাওয়ায় চালককে ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় আইন অনুযায়ী জিডি করা হয়েছে।


