মেট্রোরেল ও আন্তঃনগর ট্রেনের ভাড়ায় শিক্ষার্থী, বিশেষ সুবিধাসম্পন্ন ব্যক্তি বয়স্করা (৬৫ ঊর্ধ্ব ব্যক্তি) ২৫ শতাংশ ছাড় দেবে সরকার।
আজ মঙ্গলবার (০৩ মার্চ) সাংবাদিকদের এ কথা জানান নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।
রেলভাড়া বিষয়ে মন্ত্রী বলেন, যাদের বয়স ৬৫ বছরের বেশি, যারা প্রতিবন্ধী এবং যারা শিক্ষার্থী রয়েছেন তারা নিজ নিজ আইডি কার্ড এবং ন্যাশনাল আইডি কার্ড ব্যবহার করে ট্রেনের ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন। আগামী কোরবানি ঈদের আগে এই সুযোগ চালু করা হবে।
টিকিট কাটার ক্ষেত্রে শিক্ষার্থীদের আইডি কার্ড ও বাকীদেরকেও কার্ড দেখাতে হবে বলে জানান তিনি।
রেলের উন্নয়নে সরকার আন্তরিক জানিয়ে রেলমন্ত্রী বলেন, এখন যেসব ট্রেন চালু আছে তার গতিবৃদ্ধি এবং অল্পসময়ে যাতায়াত কীভাবে সম্ভব করা যায় তার জন্য বিদ্যমান কিছু প্রকল্প আছে। দ্রুত এসব প্রকল্প বাস্তবায়নে উদ্যোগ নেয়া হবে।
মন্ত্রীর তথ্যমতে, নতুন কিছু প্রকল্প গ্রহণ করা হচ্ছে, সেগুলো বাস্তবায়ন হলে রেল সেবা আরও শক্তিশালী হবে, জনবান্ধব ও মানসম্মত হবে।



