বগুড়া শহরে জমিজমা বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সাইফুল ইসলাম (৪৫) নামে এক জামায়াত নেতা নিহত হয়েছেন। ছুরিকাঘাতে আহত হওয়ার পর রোববার সন্ধ্যায় ঢাকা নেয়ার পথে তিনি মারা যান। রাতে সদর থানার ওসি মুনিরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার (০১ মার্চ) সকালে শহরের মাহবুব নগরে ঘটনাটি ঘটে। এ সময় তারেক (৩০) নামে আরও একজন আহত হন।
নিহত ব্যবসায়ী সাইফুল ইসলাম শহরের মাহবুব নগর এলাকার নওশেদ আলীর ছেলে। তিনি জামায়াতে ইসলামীর বগুড়া শহর শাখার ওলামা বিভাগের রুকন ও দায়িত্বশীল ছিলেন বলে জানিয়েছে শহর জামায়াতের প্রচার সম্পাদক ইকবাল হোসেন। এঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ। আটকরা হলো- বগুড়া শহরের খান্দার ভিআইপি রোড এলাকার মেহেদী হাসান টিটু ও মোস্তাকিন।
সদর থানা পুলিশ ও নিহতের স্বজনরা জানান, সকালে প্রতিপক্ষের উপর্যুপরি ছুরিকাঘাতে সাইফুল ইসলাম গুরুতর আহত হন। এরপর লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসাপাতালে ভর্তি করে। সেখানে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। এরপর রবিবার ঢাকা নেয়ার পথে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মারা যান সাইফুল ইসলাম।
স্বজনরা জানান, সাইফুল ইসলাম স্থানায় মসজিদের খতিব ছিলেন। পাশাপাশি তিনি ব্যবসাও করতেন। জমি-জমা নিয়ে প্রতিপক্ষের লোকজনের সাথে তার বিরোধ ছিল। ওই বিরোধের জেরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা শহরের মাহবুব নগরে সাইফুলকে ছুরিকাঘাত করে খুন করে।
বগুড়া সদর থানার ওসি মো. মুনিরুল ইসলাম বলেন, জমি-জমা নিয়ে বিরোধের জেরে সাইফুল ইসলামকে হত্যা করা হয়েছে। লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ব্যাপারে পুলিশ তদন্ত করছে। খুনিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।



