নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বিদায়ী প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে দেশের একাদশ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর বিএনপি চেয়ারম্যানকে অভিনন্দন জানান প্রধান উপদেষ্টা।
রেওয়াজ ভেঙে বঙ্গভবনের বদলে এবারের শপথ অনুষ্ঠান হয় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। বিকাল ৪টায় জাতীয় সংগীত এবং তারপর কোরআন তেলাওয়াতের মাধ্যমে শপথ অনুষ্ঠান শুরু হয়।
তারেক রহমান নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছ থেকে প্রথমে সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালনের এবং তারপর গোপনীয়তার শপথ নেন। সব শেষে তিনি শপথের নথিতে স্বাক্ষর করেন।
এরপর নতুন মন্ত্রীদের পর্যায়ক্রমে শপথ এবং গোপনীয়তার শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি সাহাবুদ্দিন। সবশেষে প্রতিমন্ত্রীদের নাম ঘোষণা করে তাদেরকে শপথগ্রহণের জন্য আহ্বান জানিয়ে মঞ্চে ডাকেন মন্ত্রিপরিষদ সচিব। প্রতিমন্ত্রীদের শপথ এবং শপথে স্বাক্ষরের পর অনুষ্ঠান শেষ হয়।
প্রধান উপদেষ্টা দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন বিদায়ী প্রধান উপদেষ্টা।
মঙ্গলবার নতুন সরকারের শপথের মধ্য দিয়ে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে এবং নতুন সরকারের যাত্রা শুরু হয়।
রাষ্ট্র পরিচালনায় তারেক রহমানের সঙ্গী হচ্ছেন ২৫ জন মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী। ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর তিনি তার নতুন সরকার সাজিয়েছেন ৪০ জন নতুন মুখ নিয়ে।
চব্বিশের অভ্যুত্থানে শেখ হাসিনার উৎখাতের তিন দিন পর ৮ অগাস্ট মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দেশের হাল ধরে। এরপর দেড় বছর দেশ পরিচালনা করেন ইউনূস।



