গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

এপস্টেইন ফাইলে বিশ্ব ক্রীড়াঙ্গনের বড় বড় কর্তাদের নাম

আন্তর্জাতিক ডেস্কঃ
ফেব্রুয়ারি ৫, ২০২৬ ৬:৩২ অপরাহ্ণ
  • এপস্টেইন ফাইলে বিশ্ব ক্রীড়াঙ্গনের বড় বড় কর্তাদের নাম

    জাঁ টড, জশ হ্যারিস এবং স্টিভ টিশ | ছবিঃ বিবিসি

Link Copied!

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনসংক্রান্ত দুনিয়া কাঁপানো নথিতে নাম এসেছে ক্রীড়া ব্যক্তিত্বদেরও। সর্বশেষ প্রকাশিত এপস্টেইন ফাইলে দেখা যাচ্ছে, ফর্মুলা ওয়ান, ফুটবল এবং আমেরিকান ফুটবলের উচ্চপদস্থ কর্মকর্তারা এপস্টেইনের সঙ্গে তার যৌন অপরাধে দণ্ড হওয়ার পরও সম্পর্ক বজায় রেখেছিলেন। গত শুক্রবার এ-সংক্রান্ত লাখ লাখ নতুন ফাইল প্রকাশিত হয়েছে।

ফাইলগুলোতে এমন ই-মেইল ও টেক্সট মেসেজ রয়েছে, যেখানে দেখা যাচ্ছে কিছু প্রভাবশালী ক্রীড়া ব্যক্তিত্ব এপস্টেইনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন, অথচ সেগুলো প্রকাশের আগে তাদের দাবি ছিল ২০০৮ সালের পর যোগাযোগ নেই। আবার ফাইলগুলোতে এমন নথিও রয়েছে, যেখানে ২০১৯ সালে কারাগারে মারা যাওয়া এপস্টেইনের সঙ্গে উচ্চপদস্থ ক্রীড়া কর্মকর্তাদের সঙ্গে সম্ভাব্য ব্যবসায়িক চুক্তি নিয়ে আলোচনার তথ্য আছে। তবে ফাইলে নাম থাকা মানেই অপরাধ হয়েছে, তা নয়। ই-মেইলের তথ্য অনুযায়ী, ২০১৭ সালে আন্তর্জাতিক মোটরস্পোর্ট সংস্থার (এফআইএ) সাবেক প্রেসিডেন্ট জাঁ টড নিউইয়র্কে এপস্টেইনের বাড়িতে গিয়েছিলেন। মেইলে এপস্টেইন লিখেছিলেন, ‘জাঁ দুঃখিত, সময়টা এতটা সংক্ষিপ্ত হলো। তের্জে (নরওয়েজিয়ান কূটনীতিক তের্জে রড-লারসেন) আমাকে জানায়নি।’

এপস্টেইনের সঙ্গে টডের পরিচয় করিয়েছিলেন তের্জেই। টড পরে লিখেছিলেন, ‘আমাদের সাধারণ বন্ধু তের্জের মাধ্যমে আপনার সঙ্গে পরিচয় হয়ে ভালো লাগল। আপনি প্যারিস বা জেনেভায় এলে জানাবেন।’ পরের দিন যুক্তরাজ্যের ইতালিয়ান চেম্বার অব কমার্সের চেয়ারম্যান এবং ভাইস প্রেসিডেন্ট এডুয়ার্ডো টিওডোরানিকে এপস্টেইন ই–মেইল করে লিখেছিলেন, ‘আমার বাড়িতে জাঁ টড এলেন? অদ্ভুত মানুষ।’ টিওডোরানি উত্তরে লিখেছিলেন: ‘হ্যাঁ, কিন্তু কেন?’ ফাইলগুলোতে এরপর আর কোনো উত্তর দেখা যায়নি। ফাইল অনুযায়ী, আলপাইন ফর্মুলা দলের উপদেষ্টা ফ্লাভিও ব্রিয়াতোরের সঙ্গেও এপস্টেইনের যোগাযোগ ছিল। ২০১০ সালে একটি ই-মেইলে (প্রেরকের পরিচয় গোপন রাখা হয়েছে) লেখা ছিল, ‘ফ্লাভিও ব্রিয়াতোরে আপনার সঙ্গে কথা বলতে চাইছেন।’ পরে এপস্টেইন তাঁকে ‘আমার ইতালীয় বন্ধু’ বলে সম্বোধন করেছিলেন। এটি ছিল মোহামেদ আল ফায়েদের একটি বিমানের সম্ভাব্য ক্রয় নিয়ে আলোচনা করার সময়। আল ফায়েদকে বিভিন্ন যৌন অপরাধের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

ক্রিস্টাল প্যালেসের বিনিয়োগকারী জশ হ্যারিসের সঙ্গেও দণ্ডের বহু বছর পর এপস্টেইনের ই-মেইল ও ফোনের মাধ্যমে যোগাযোগ ছিল। ২০১৩ সালে তিনি এপস্টেইনের সঙ্গে একটি সকালের নাশতাপর্বে মিটিংয়ে অংশ নিয়েছিলেন। পরে একটি ই-মেইলে লিখেছিলেন, ‘আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ।’ ২০১৬ সালে হ্যারিস এপস্টেইনের সঙ্গে যোগাযোগ করেছিলেন, লিখেছিলেন, ‘ভবিষ্যতে কোনো সময় দেখা হলে খুশি হব।’

হ্যারিসের পক্ষ থেকে একজন মুখপাত্র বলেছেন, ‘জশ হ্যারিস কখনো এপস্টেইনের সঙ্গে খোলামেলা সম্পর্ক রাখেননি। তিনি চেয়েছিলেন, এপস্টেইন যেন অ্যাপোলোর সঙ্গে কোনো করপোরেট সম্পর্ক গড়ে তুলতে না পারেন। এই ই–মেইলগুলোতেই আছে হ্যারিস বৈঠক এড়াতে চেয়েছিলেন, মিটিং বাতিল করেছিলেন এবং অন্যদের তাঁর কল ফিরিয়ে দিতে বলেছিলেন।’ তালিকায় নাম এসেছে চেলসি চেয়ারম্যান টড বোয়েলিরও। ই-মেইলগুলো থেকে বোঝা যায়, এপস্টেইন চেয়েছিলেন টড বোয়েলির সঙ্গে পরিচিত হতে। তখন বোয়েলি লস অ্যাঞ্জেলেস ডজার্স বেসবল দলের সহমালিক এবং গ্লোবাল অ্যাসেট ম্যানেজমেন্ট ফার্ম গুগেনহেইম পার্টনার্স-এর ম্যানেজিং পার্টনার ছিলেন।

ফাইলগুলোতে দেখা গেছে, ২০১০ সালে গলফ রিসোর্ট ডেভেলপার জেরাল্ড জি বার্টনের পক্ষ থেকে পাঠানো ই-মেইলে সেল্টিকের প্রধান অংশীদার ডারমট ডেসমন্ডের নাম দুবার এসেছে। বার্টনের পক্ষ থেকে এপস্টেইনকে বলা হয়েছিল যে আয়ারল্যান্ডের কোটিপতি ও গলফ রিসোর্টের মালিক ডেসমন্ড গলফের উন্নয়নে মিলিয়ন ডলার দিতে ইচ্ছুক।

ডেসমন্ডের প্রতিনিধি বিবিসিকে বলেছেন, ‘প্রকাশিত নথিতে উল্লেখিত দুটি ই–মেইল স্পষ্টভাবে দেখায়, জনাব ডেসমন্ডের এপস্টেইনের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। ডেসমন্ডের নাম উল্লেখ সম্পূর্ণই অনিচ্ছাকৃত এবং তার অজান্তে বা অংশগ্রহণ ছাড়া করা হয়েছে। তিনি কখনো এপস্টেইনের সঙ্গে সাক্ষাৎ করেননি বা কোনো সম্পর্ক রাখেননি। ই-মেইলগুলোতে যে লেনদেনের কথা বলা হয়েছে, তা সম্পূর্ণরূপে জেরাল্ড জি বার্টনের সঙ্গে এক নৈমিত্তিক ব্যবসায়িক লেনদেন সম্পর্কিত ছিল। এপস্টেইনের এর সঙ্গে কোনো সম্পর্ক ছিল না, এবং লেনদেনটি বাস্তবে সম্পন্নও হয়নি।’

২০১০-এর দশকের শুরুতে এনএফএলের দল নিউইয়র্ক জায়ান্টসের সহমালিক স্টিভ টিশ এপস্টেইনকে বারবার প্রশংসামূলক ই–মেইল পাঠিয়েছেন। ফাইলগুলো দেখায়, এপস্টেইন টিশের সঙ্গে বিভিন্ন নারীর দেখা করানোর চেষ্টা করছিলেন। ২০১৩ সালে একটি ই–মেইলে এপস্টেইন লিখেছিলেন, ‘আপনি চাইলে আমি রাশিয়ানটি আনতে পারি।’ টিশ উত্তর দিয়েছিলেন, ‘তিনি কি মজা করবেন?’ টিশ পরে একটি বিবৃতিতে বলেছেন, ‘আমাদের সংক্ষেপে কিছু ই-মেইল বিনিময় হয়েছে, যেখানে প্রাপ্তবয়স্ক মহিলাদের বিষয়ে কথা হয়েছে। এ ছাড়া আমরা সিনেমা, দাতব্য কার্যক্রম এবং বিনিয়োগ নিয়ে আলোচনা করেছি। আমি তার কোনো আমন্ত্রণ গ্রহণ করিনি এবং কখনো তার দ্বীপে যাইনি। আমরা সবাই এখন জানি, তিনি একজন ভয়ংকর মানুষ এবং তার সঙ্গে যুক্ত হওয়ায় আমি সত্যিই দুঃখিত।’ এনএফএল জানিয়েছে, টিশের কর্মকাণ্ডের ওপর আনুষ্ঠানিক তদন্ত করা হবে কি না তারা ভেবে দেখছে। এনএফএল কমিশনার রজার গুডেল সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমরা সব তথ্য দেখব। আমরা এই মেসেজগুলোর প্রেক্ষাপট বুঝতে চেষ্টা করব এবং দেখব তা নীতির আওতায় কীভাবে আসে।’

ফাইলগুলোতে দেখা যায়, অনেক ক্রীড়া ব্যক্তিত্বর সঙ্গে গিস্লেইন ম্যাক্সওয়েলের যোগাযোগ ছিল। ম্যাক্সওয়েল বর্তমানে এপস্টেইনের অপরাধে অংশগ্রহণের জন্য ২০ বছরের কারাদণ্ড ভোগ করছেন। এই তালিকায় নাম আছে লস অ্যাঞ্জেলেস ২০২৮ অলিম্পিক গেমসের চেয়ারম্যান এবং মার্কেটিং এজেন্সি ওয়াসারম্যানের প্রতিষ্ঠাতা কেসি ওয়াসারম্যানেরও।

উল্লেখ্য, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এপস্টেইনসংক্রান্ত যেসব নথি, ই–মেইল ও ছবি প্রকাশ করেছে, সেগুলোতে কুখ্যাত এ যৌন নিপীড়কের বিস্তৃত যোগাযোগ নেটওয়ার্কের চিত্র উঠে এসেছে। এতে বড় বড় তারকা, ব্যবসায়ী ও বিশ্বনেতাদের সঙ্গে তাঁর সম্পর্কের তথ্য রয়েছে। ২০০৮ সালে ১৪ বছর বয়সী এক কিশোরীকে যৌনবৃত্তিতে প্রলুব্ধ করার দায়ে এপস্টেইন দোষী সাব্যস্ত হওয়ার পরও প্রভাবশালী মানুষদের সঙ্গে তাঁর সম্পর্ক বজায় ছিল। যৌনকর্মের উদ্দেশ্যে পাচারসংক্রান্ত অন্য একটি মামলায় বিচার চলাকালে ২০১৯ সালে নিউইয়র্কের একটি কারাগারে মারা যান এপস্টেইন।

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5793

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…