চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম সাত মাসে দেশে প্রবাসী আয় এসেছে ১৯ দশমিক ৪৩ বিলিয়ন মার্কিন ডলার। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ২১ দশমিক ৮০ শতাংশ বেশি।
রোববার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
তিনি বলেন, চলতি অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত দেশে মোট ১ হাজার ৯৪৩ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। এক বছর আগে একই সময়ে এই অঙ্ক ছিল ১ হাজার ৫৯৬ কোটি ২০ লাখ ডলার। ফলে বছর ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ৩৪৭ কোটি ৪০ লাখ ডলার।
এদিকে সদ্য শেষ হওয়া জানুয়ারি মাসে দেশে রেমিট্যান্স এসেছে ৩১৭ কোটি মার্কিন ডলার বা ৩ দশমিক ১৭ বিলিয়ন ডলার। এটি দেশের ইতিহাসে এক মাসে আসা তৃতীয় সর্বোচ্চ এবং চলতি অর্থবছরের দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়।
এর আগে গত ডিসেম্বরে দেশে রেমিট্যান্স এসেছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার, যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ এবং চলতি অর্থবছরের মধ্যে এক মাসে সর্বোচ্চ প্রবাসী আয় হিসেবে রেকর্ড হয়। গত নভেম্বরে রেমিট্যান্স আসে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার।
এছাড়া গত অক্টোবরে দেশে আসে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ডলার এবং সেপ্টেম্বরে আসে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স। এর আগে আগস্ট ও জুলাই মাসে যথাক্রমে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স আসে।
বাংলাদেশ ব্যাংক জানায়, ২০২৪–২৫ অর্থবছর শেষে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশের ইতিহাসে কোনো এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহের রেকর্ড।





