গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে কুড়িগ্রাম, তাপমাত্রা ৯ ডিগ্রি

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ৮, ২০২৬ ২:৪৩ অপরাহ্ণ
Link Copied!

হিমেল বাতাস, ঘন কুয়াশা ও টানা সূর্যহীন দিনের কারণে দেশের উত্তরাঞ্চলে হাড় কাঁপানো শীত জেঁকে বসেছে। রংপুর বিভাগসহ উত্তরের আটটি জেলার ওপর দিয়ে একযোগে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। তীব্র ঠাণ্ডা ও কুয়াশার কারণে প্রকৃত তাপমাত্রার চেয়েও বেশি শীত অনুভূত হচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে ৯ ডিগ্রি সেলসিয়াস।

একই দিনে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ৯ দশমিক ২ ডিগ্রিতে। রংপুরে রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, নীলফামারীর সৈয়দপুরে ৯ দশমিক ৫ ডিগ্রি, ডিমলায় ৯ ডিগ্রি, ঠাকুরগাঁওয়ে ১০ ডিগ্রি, লালমনিরহাটে ৯ দশমিক ৯ ডিগ্রি এবং গাইবান্ধায় ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।

আবহাওয়া অফিস জানায়, বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় কুয়াশা সহজে কাটছে না। ফলে সকাল থেকে দুপুর কিংবা বিকাল পর্যন্ত সূর্যের দেখা মিলছে না। এতে করে শীতের তীব্রতা আরও বেড়েছে এবং স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

রংপুরসহ যে আটটি জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, সেগুলো হলো- রংপুর, দিনাজপুর,পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা। এসব এলাকায় ভোর ও রাতের ঠাণ্ডা সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে। বিশেষ করে নিম্নআয়ের ও অতিদরিদ্র মানুষ সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন।

শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তরের জেলাগুলোতে খেটে খাওয়া মানুষের কাজের সুযোগ কমে গেছে। রিকশাচালক, ভ্যানচালক, দিনমজুরসহ শ্রমজীবী মানুষ ভোর ও রাতের প্রচণ্ড ঠাণ্ডার কারণে কাজে বের হতে পারছেন না। এতে দৈনিক আয় কমে গিয়ে অনেক পরিবার চরম সংকটে পড়েছে।

রংপুর নগরীর রিকশাচালক রাজা মিয়া বলেন, দিনে যা আয় হয়, তাতে ঠিকমতো খাওয়াই কষ্ট। নতুন শীতের কাপড় কেনার সামর্থ্য নেই। পুরোনো একটা জ্যাকেট কিনেছি, সেটাই ভরসা।

একই ধরনের কথা জানিয়েছেন দিনমজুর ও ভ্যানচালকরাও। তাদের মতে, শীত বাড়লেও আয় বাড়েনি, বরং কাজ কমে যাওয়ায় সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।

শীত বাড়ার সঙ্গে সঙ্গে রংপুর নগরীর শীতবস্ত্রের বাজারগুলোতে ক্রেতাদের ভিড় বেড়েছে। স্টেশন বাজার, জামাল মার্কেট, ছালেক মার্কেট, হনুমানতলা এরশাদ হকার্স মার্কেটসহ বিভিন্ন বিপণিবিতান ও ফুটপাতে নতুন ও পুরোনো শীতবস্ত্রের বেচাকেনা চলছে জমজমাটভাবে। বিশেষ করে নিম্নআয়ের মানুষ সাশ্রয়ী দামে পোশাক কিনতে পুরোনো কাপড়ের দোকানগুলোতে ভিড় করছেন।

ক্ষুদ্র ব্যবসায়ী শাহিনুর ইসলাম জানান, এ বছর পুরোনো কাপড়ের দাম তুলনামূলক বেশি। পুরোনো কাপড় আমদানির কোটা কমে যাওয়ায় বাজারে সরবরাহ কমেছে, যার প্রভাব পড়ছে নিম্নআয়ের মানুষের ওপর।

তীব্র শীতে অনেক মানুষ খড়কুটো, কাঠ কিংবা পরিত্যক্ত কাগজ জ্বালিয়ে ঠাণ্ড নিবারণের চেষ্টা করছেন। রংপুর শহর ও আশপাশের এলাকায় খোলা জায়গায় আগুন জ্বালিয়ে রাত কাটানো এখন নিত্যদিনের চিত্র।

এদিকে শৈত্যপ্রবাহের প্রভাবে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগীর চাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান জানান, ১ থেকে ৮ জানুয়ারি পর্যন্ত শীতজনিত জটিলতায় শিশু ও বয়স্কসহ প্রায় ৩০০ রোগী ভর্তি হয়েছে। এ সময় স্বাভাবিকভাবে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ৫২ জনের মৃত্যু হয়েছে। তবে গত ১৬ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারি পর্যন্ত ১৮ জন শীতজনিত জটিলতায় মারা গেছেন বলে নিশ্চিত করেছে মেডিক্যাল কর্তৃপক্ষ। বর্তমানে শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও ঠান্ডাজনিত জ্বরে আক্রান্ত শিশুর সংখ্যাই বেশি।

রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান বলেন, জানুয়ারি মাসে আরো ২ থেকে ৩টি মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, যা ফেব্রুয়ারি পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

রংপুরে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান জানান, শীত মোকাবিলায় জেলা প্রশাসনের সব ধরনের প্রস্তুতি রয়েছে। ইতিমধ্যে বিভিন্ন উপজেলা ও পৌর এলাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ শুরু হয়েছে। প্রয়োজনে সহায়তা আরো বাড়ানো হবে। পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনও শীতার্তদের পাশে দাঁড়িয়েছে।

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5655

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…