গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

আইপিএলের সব খেলা সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ৫, ২০২৬ ৫:৩১ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দল থেকে বাদ দেওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সরকার। এই প্রেক্ষাপটে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সব খেলা ও সংশ্লিষ্ট অনুষ্ঠান বাংলাদেশে প্রচার ও সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

আজ সোমবার (৫ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে সই করেছেন মন্ত্রণালয়ের সহকারী সচিব ফিরোজ খান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কর্তৃক আগামী ২৬ মার্চ ২০২৬ থেকে শুরু হতে যাওয়া আইপিএল আসরে বাংলাদেশের তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার বিষয়টি দৃষ্টিগোচর হয়েছে। এই সিদ্ধান্তের পেছনে কোনো যৌক্তিক কারণ পাওয়া যায়নি। বিসিসিআইয়ের এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে বলেও উল্লেখ করা হয়।

এ অবস্থায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর সব খেলা ও অনুষ্ঠান বাংলাদেশে প্রচার ও সম্প্রচার বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ও জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, কয়েকদিন ধরেই আইপিএলের আসন্ন মৌসুমে মুস্তাফিজুর রহমানের অংশগ্রহণ নিয়ে আলোচনা চলছিল। এরই মধ্যে ভারতের কট্টর হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠন তাকে দলে না রাখার দাবিতে ধারাবাহিকভাবে বিক্ষোভ শুরু করে। এর ধারাবাহিকতায় শনিবার (৩ জানুয়ারি) সকালে বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের কথা জানান। পরে কলকাতা নাইট রাইডার্স আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়, মুস্তাফিজুর রহমান আর তাদের স্কোয়াডে নেই।

এমন সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের দাবি ওঠে। এ বিষয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে আইপিএল সম্প্রচার বন্ধের উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান।

এর আগে গত রোববার তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সাংবাদিকদের বলেন, আইপিএল সম্প্রচার বন্ধের বিষয়ে আইনি ভিত্তি পর্যালোচনা করা হচ্ছে। কোন মাধ্যমে, কীভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হবে—তা যাচাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও বলেন, এ বিষয়ে একটি পরিস্থিতি তৈরি হয়েছে এবং সে পরিস্থিতিতে তাঁর নীরব থাকার সুযোগ নেই।

তথ্য উপদেষ্টার ওই বক্তব্যের ঠিক এক দিন পরেই আজ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ জারি করা হলো।

প্রসঙ্গত, এবারের আইপিএলে মুস্তাফিজুর রহমানের কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল। তবে ৩ জানুয়ারি বিসিসিআইয়ের নির্দেশের পর কেকেআর তাকে দল থেকে বাদ দেয়। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে বাংলাদেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এমনকি এই ঘটনার জেরে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5655

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…