দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপরসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিসিবি। তার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিপিএলের দু’টি ম্যাচ স্থগিত করা হয়েছে।
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় মারা যান খালেদা জিয়া।
শোক বার্তায় বিসিবি জানায়, দেশের ক্রিকেটের এগিয়ে চলায় তার প্রতিনিয়ত আশীর্বাদ ও শুভ কামনাকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছে বোর্ড। তিনি প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকার সময় দেশের ক্রিকেট উন্নতিতে অসাধারণ সমর্থন জানিয়েছেন ও দেশজুড়ে খেলাটির সমৃদ্ধির জন্য অবকাঠামো গড়ে তোলায় উল্লেখযোগ্য অবদান রেখেছেন বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। তার সুদূরপ্রসারী ভাবনা ও প্রেরণা দেশের ক্রিকেটের আজকের অবস্থানের পথ দেখিয়েছে।
পরে আরেকটি সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, জাতীর শোক প্রকাশের সঙ্গে একাত্মতা জানিয়ে ও খালেদা জিয়ার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে বিপিএলের দুটি ম্যাচ স্থগিত করা হয়েছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার প্রথম ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল সিলেট টাইটান্স ও চট্টগ্রাম রয়্যালসের, পরের ম্যাচটি ছিল ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্সের।
বিসিবি জানিয়েছে, পরিবর্তিত সূচির বিস্তারিত সবকিছু পরে জানানো হবে।
পরে দুপুর ১টায় আরেক দফা সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগে মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবারের ম্যাচগুলি স্থগিত করা হয়েছে।




