ফরিদপুরের নগরকান্দায় গভীর রাতে গণপিটুনির শিকার হয়ে শাহীন শিকদার (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তিনজন। এলাকাবাসীর অভিযোগ, তাঁরা ভ্যান চুরি করতে এসেছিলেন।
সোমবার (২৪ নভেম্বর) সকালে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল রোববার (২৩ নভেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার রামনগর ইউনিয়নের দেবিনগর গ্রামের চৌরাস্তা মোড়ে সর্বজনীন দুর্গামন্দিরের সামনে এ ঘটনা ঘটে। নিহত যুবক একই ইউনিয়নের গজগাহ গ্রামের মোস্তফা শিকদারের ছেলে। আহতদের মধ্যে রয়েছেন ডাঙ্গী ইউনিয়নের মাশাউজান গ্রামের মোস্তফা শেখের ছেলে সুমন শেখ (২০), শ্রাঙ্গাল গ্রামের জাকির মাতুব্বরের ছেলে পারভেজ মাতুব্বর (২১) ও উপজেলার ডাঙ্গী ইউনিয়নের কুঞ্জনগর গজনা গ্রামের এনামুল মিয়া সরদার (২৬)। তাঁদের উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
এলাকাবাসী জানান, কয়েক দিন ধরে গ্রামের অনেকের বাড়িতে ভ্যানসহ বিভিন্ন মালামাল চুরির ঘটনা ঘটছে। স্থানীয়দের সন্দেহ ওই যুবকেরা তাদের এলাকায় চুরি করতে এসেছেন। এমন সন্দেহের বশে তারা ওই চার যুবককে গণপিটুনি দেন। এ সময় আরও একজন পালিয়ে যেতে সক্ষম হলেও বেধড়ক মারধরে গুরুতর আহত হন চার যুবক।
পরে গুরুতর আহত অবস্থায় তাঁদের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। শাহীন শিকদারকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নগরকান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়দেব কুমার সরকার বলেন, হাসপাতালে তিনজন চিকিৎসাধীন, তাঁরা শঙ্কামুক্ত।
অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল (দায়িত্বরত নগরকান্দা সার্কেল) বলেন, স্থানীয়রা আমাদের জানিয়েছে, তারা একটি বাড়িতে ভ্যান চুরি করতে গিয়েছিল। পরে গ্রামের লোকজন জড়ো হয়ে তাদের মারধর করে এবং একজন মারা গেছে। ঘটনাটি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। নিহতের পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




