আগামি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের খসড়া প্রকাশিত হবে আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট)। ইতোমধ্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপের খসড়া অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
গতকাল বুধবার (২৭ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
সিইসি এ এম এম নাসির উদ্দিনের কক্ষ থেকে বের হওয়ার পর নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, কর্মপরিকল্পনার সবকিছু চূড়ান্ত করে অনুমোদন দেওয়া হয়েছে, এখন শুধু টাইপিং চলছে।
এর আগে, গত ৩০ জুলাই ৩০০ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে খসড়া প্রকাশ করে ইসি। যেখানে ভোটার সংখ্যার সমতা আনতে গিয়ে গাজীপুর জেলায় একটি আসন বাড়িয়ে ৬টি করা হয়। সেই সঙ্গে বাগেরহাটের আসন ৪টি থেকে কমিয়ে ৩টি করা প্রস্তাব করা হয়। পরবর্তীতে গত ১০ আগস্টের মধ্যে ৮৩টি সংসদীয় এলাকার সীমানা নিয়ে ১ হাজার ৭৬০টি দাবি-আপত্তির আবেদন ইসিতে জমা পড়ে।
পরবর্তীতে গত ২৪ আগস্ট এ বিষয়ে দাবি-আপত্তির শুনানি শুরু হয়, যা বুধবার শেষ হয়। এই সময়ে সংসদীয় আসনের সীমানা নিয়ে দাবি-আপত্তির আবেদন নিষ্পত্তি করে ৩০০ আসনের সংসদীয় এলাকার সীমানা গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন।





