মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর সীমান্ত দিয়ে শিশু, নারী–পুরুষসহ ৩৯ বাংলাদেশির কারাভোগ শেষে পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে গাংনীর কাজীপুর সীমান্তের ১৪৭ নম্বর পিলারের কাছে হস্তান্তরের এই কার্যক্রম সম্পন্ন হয়।
বিজিবি বলছে, তাঁরা বিভিন্ন সময় অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। সেখানে থাকা অবস্থায় ভারতীয় পুলিশ তাঁদের আটক করে কারাগারে পাঠায়। কারাভোগ শেষে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ তাঁদের ফেরত দিয়েছে।
বিজিবি কাজিপুর ক্যাম্প সূত্রে জানা গেছে, ভারত থেকে আসা ওই বাংলাদেশিরা বিজিবির হেফাজতে রয়েছেন। তাঁরা ফরিদপুর, ঠাকুরগাঁও, মাদারীপুর, খুলনা, দিনাজপুর, রংপুর, যশোর, লালমনিরহাট, রাজবাড়ী, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বাগেরহাট, নওগাঁ, ঢাকা ও কুড়িগ্রাম জেলার বাসিন্দা। তাঁদের তথ্য যাচাই-বাছাই শেষে গাংনী থানায় সোপর্দ করা হবে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরাইল বলেন, বিজিবি তাঁদের থানায় সোপর্দ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।





