রাজধানীর মহাখালীতে রাওয়া ক্লাবের পাশে ইউরেকা পেট্রোল পাম্পে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় রোববার (১৭ আগস্ট) সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে ৭টা ১৮ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। পরে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিসের সদস্যরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে পাম্পের লোকজন আগুন নেভাতে চেষ্টা করে, তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এসময় বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দও শোনা যায়।
অগ্নিকাণ্ডের ফলে পাম্পের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। মহাখালী ফ্লাইওভারের ওপরে একপাশে যান চলাচল বন্ধ রাখা হয়।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে মহাখালীর ইউরেকা পেট্রোল পাম্পে আগুনের খবরে প্রথমে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে শুরু কাজ করে। পরে আরও সাতটি ইউনিট যোগ দিয়ে মোট ১০ ইউনিটের চেষ্টায় সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।





