ভোটার তালিকায় নতুন ভোটার যুক্ত এবং কর্তন করে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্পূরক খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। খসড়া ভোটার তালিকা অনুযায়ী দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জন। তালিকায় নতুন করে যুক্ত হয়েছেন ৪৫ লাখ ভোটার। বাদ পড়েছেন ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জন।
রোববার (১০ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফ করে এই তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
সচিব জানান, খসড়া তালিকার ওপর দাবি-আপত্তি জমা দেওয়া যাবে ২১ আগস্ট পর্যন্ত। এসব দাবি-আপত্তি নিষ্পত্তি করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ৩১ আগস্ট।
তিনি জানান, সারা দেশের নির্বাচন অফিসগুলোতে একযোগে রোববার হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। হালনাগাদ ভোটার তালিকায় নতুন যুক্ত হয়েছেন ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন ভোটার।
ইসি সচিব আখতার আহমেদ বলেন, ‘চলতি বছরের ২ মার্চ ভোটারের সংখ্যা ছিল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। এরপর আবারও বাদপড়া ভোটারদের তালিকাভুক্ত করার জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হয়। হালনাগাদ কার্যক্রমে নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন। এ সময়ে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জনকে। সব মিলিয়ে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত সম্পূরক তালিকা অনুযায়ী দেশে মোট ভোটার হয়েছেন ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জন।’
তিনি বলেন, ‘সম্পূরক খসড়া আজ আমাদের অফিসগুলোতে প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে তাদের যদি কোনও সংশোধনী থাকে, সেক্ষেত্রে সংশোধনীগুলো আমাদের জানাবেন এবং সংশোধনী অনুযায়ী আমরা এটা ৩১ আগস্ট চূড়ান্ত করবো। এছাড়া ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে তাদের অন্তর্ভুক্ত করে আরেকটি তালিকা প্রকাশ করবো। কাজেই চলতি বছর আমরা ৩টি ভোটার তালিকা পাচ্ছি।’
এক্ষেত্রে ইসির দেওয়া তথ্য অনুযায়ী চলতি বছরে ভোটার অন্তর্ভুক্তির হার ৩.৬৯ শতাংশ এবং ভোটার বৃদ্ধির হার ১.৯৭ শতাংশ।
এর আগে রোববার সকালে খসড়া ভোটার তালিকা প্রকাশের পর সারা দেশের নির্বাচন কর্মকর্তারা সেটি নির্দিষ্ট স্থানে সাঁটিয়ে দেন। এতে কারও তথ্যে ভুল থাকলে সংশোধনের সুযোগ মিলবে ১২ দিন। যোগ্য ব্যক্তির নাম অন্তর্ভুক্তি, মৃত্যুজনিত বা অন্তর্ভুক্তি হওয়ার অযোগ্য ব্যক্তির নাম বাদ দেওয়া, ভোটার স্থানান্তর এবং কোনো সংশোধন বা ত্রুটি-বিচ্যুতি দূর করার জন্য ২১ আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে।
এসব আবেদন নিষ্পত্তি হবে ২৪ আগস্টের মধ্যে। এরপর অন্যান্য কাজ শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ৩১ আগস্ট।





