আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মার্কিন ভিসানীতি ও নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, ‘মন খারাপ করবেন না। কে কি দিলো এসব নিয়ে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা মাথা ঘামান না। বিএনপি গুজব ছড়াচ্ছে, তাতে কান দেবেন না।’
মঙ্গলবার (২২ আগস্ট) বিকালে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক মতবিনিময় সভা শেষে এ কথা বলেন তিনি। ঢাকা ও ঢাকার পার্শ্ববর্তী সাংগঠনিক জেলাগুলোর নেতাদের সঙ্গে এই সভা করেন দলটির কেন্দ্রীয় নেতারা।
পৃথিবীর কোথাও ভিসানীতি যায় না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘শুধু কী বাংলাদেশকে পেয়ে বসেছেন! আমরা বন্ধুহীন নই, শেখ হাসিনার সরকার বন্ধুহীন নয়। আমরা দেশেও বন্ধুহীন নই, বিদেশেও না। আওয়ামী লীগের চেতনায় বাংলাদেশ, গণতন্ত্র, স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের মূল্যবোধ। শুধু একটি নির্বাচনে নয়, শেখ হাসিনার নেতৃত্বে লড়াই করে বাঁচাতে হবে। বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে।’
বিএনপির প্রতি প্রশ্ন ছুড়ে দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘দুর্নীতিবাজ, অর্থপাচারকারী ও দণ্ডিতকে কীভাবে তারা নেতা বানাবে? যারা ভুয়া ভোটার তালিকা তৈরি করে, ভোট চুরি করে, সন্ত্রাস করে ক্ষমতা দখল করেছিল, তাদের কাছে আওয়ামী লীগ গণতন্ত্রের কী সবক নিবে? বিএনপির অত্যাচারে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘরে থাকতে পারেনি। তাদের নিপীড়নে আওয়ামী লীগের চোখের পানি শুকিয়ে গিয়েছিল।’
আরও পড়ুন- ভূরুঙ্গামারীতে পুলিশের বিশেষ অভিযানে ৬ জুয়াড়ী আটক
বিরোধীদের আন্দোলনের ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করে সেতুমন্ত্রী বলেন, ‘আবারও আন্দোলনের নামে অগ্নিসন্ত্রাস করলে আমরা বসে থাকবো না। যে হাত আগুন নিয়ে আসবে সে হাত পুড়িয়ে দেবো। যে হাত লাঠিসোঁটা নিয়ে আসবে, সে হাত ভেঙে দেবো। যেমন কুকুর তেমন মুগুর।’
আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আবারও দেশবিরোধী শক্তি ঐক্যবদ্ধ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘অন্ধকারের শক্তি চ্যালেঞ্জ করছে, আমাদের লড়তে হবে। তারা নির্বাচন বানচাল করবে, সেটি আর সম্ভব নয়। আওয়ামী লীগ নেতাকর্মীরা সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে লড়বে। নির্বাচন ঘিরে বিএনপির অপতৎপরতা রুখতে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।’
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, ফারুক খান, কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, শিল্প ও বাণিজ্য সম্পাদক সিদ্দিকুর রহমান, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শামসুন নাহার চাঁপা, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপদফতর সম্পাদক সায়েম খান, উপপ্রচার সম্পাদক আব্দুল আউয়াল শামীম প্রমুখ।



