বিএনপি-জামায়াতের সঙ্গে কোনও আন্তর্জাতিক শক্তি নেই বলে মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘তাদের কোন শক্তিটা আছে, সেটাই আমরা জানতে চাই। কোনো শক্তি নাই তাদের সঙ্গে। লুটেরাদের সঙ্গে কেউ থাকে না।’
শনিবার (১২ আগস্ট) সন্ধ্যা ৭ টায় গণভবনে শুরু হওয়া আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকে সভাপতির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
শেখ হাসিনা বলেন, ‘এই খুনি, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, জঙ্গি, মানুষ হত্যাকারী, গ্রেনেড হামলাকারী, ১০ ট্রাক অস্ত্র চোরাকারবারি বিএনপি থেকে দেশবাসী সাবধান। আর জামায়াত বুদ্ধিজীবী হত্যাকারী, যুদ্ধাপরাধী তারা যে অপরাধ করেছে, তাদের আমরা শাস্তি দিয়েছি। তাদের থেকেও দেশবাসী যেন সাবধান থাকে।’
আরও পড়ুন- মদনে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর অভিযোগ
তিনি বলেন, ‘দেশবাসীকে বলবে, গণতন্ত্র ওদের মুখের কথা, ওরা গণতন্ত্রে বিশ্বাসও করে না ওরা দেশে গণতন্ত্র রাখবেও না। ওরা দেশকে আবার ধ্বংসের দিকে ঠেলে দেবে।’
সুযোগ থাকার পরও বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা করেনি। এখন তারা কেন তত্ত্বাবধায়ক সরকার চাইছে। গ্যাস বিক্রির অঙ্গীকার করে সরকারে আসে বিএনপি। তবে দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতায় আসার লোভ নেই আওয়ামী লীগের বলেও এসময় জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ কী অপরাধ করেছে? বিএনপি কেন এক দফার কথা বলছে। যারা স্বজনহারা তাদের জবাব কি খালেদা জিয়া দিতে পারবে? বিএনপি দেশের মানুষকে কী দিতে পেরেছে?’
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘বাংলাদেশকে আবার অন্ধকার যুগে ফেরাতে চায় বিএনপি।’
বিএনপির তত্ত্বাবধায়ক সরকার দাবির কড়া সমালোচনা করে আওয়ামী লীগ সভাপতি বলেন, আজকে তত্ত্বাবধায়কের জন্য তারা আন্দোলন করে…। ১৯৯৬ সালে খালেদা জিয়া রাজি ছিল না। খালেদা জিয়া বলেছিল, পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ হয় না। আমার প্রশ্ন, তারা কি এখন (তত্ত্বাবধায়কের জন্য) পাগল ও শিশু খুঁজে পেয়েছে?
আরও পড়ুন- ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৬৪
বিএনপির অত্যাচারের শিকার দেশের সর্বস্তরের মানুষ। যারা দুর্নীতি করে বিদেশে টাকা পাচার করেছে তাদের মুখে এখন নীতির কথা শুনতে হয়, বলেন- শেখ হাসিনা।
এসময় ২০২৬ সালে উন্নয়নশীল দেশের কাতারে বাংলাদেশের উত্তরণ নিশ্চিত করতে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় রাখার আহ্বান জানান তিনি।
আওয়ামী লীগের ভোট চুরি করা লাগে না মন্তব্য করে তিনি বলেন, ‘আওয়ামী লীগ মানুষের জন্য কাজ করে। মানুষের জন্য কাজ করে জনগণের মন জয় করে আওয়ামী লীগ বার বার ক্ষমতা এসেছে।
এসময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটির কার্যনির্বাহী সংসদের সদস্যরা উপস্থিত ছিলেন।



