ঢাকা-১৭ আসনে নির্বাচনের ফল বাতিল ও পুনর্নির্বাচনের দাবি জানিয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।
রবিবার (২৩ জুলাই) দুপুর ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়ে আবেদন জমা দেন তিনি।
আবেদন জমা দেওয়ার পর হিরো আলম সাংবাদিকদের বলেন, ‘ঢাকা-১৭ আসনে জাল ভোট পড়েছে। এর ভিডিও ফুটেজ আমার কাছে আছে। ১২-১৩ বছরের ছেলে-মেয়ে ভোট দিয়েছে। একটা মেয়ে ১০-১৫টা করে ভোট দিয়েছে এবং তাদের জোর করে ভোটকেন্দ্রে পাঠানো হয়েছে। স্পিকার স্যারকে বলব, আরাফাত ভাইকে (মোহাম্মদ এ আরাফাত) যেন শপথবাক্য পাঠ না করান। যদি ইসির মাধ্যমে সমাধান না পাই। তবে আমি হাইকোর্টে যাব। আমি এই নির্বাচনের শেষ দেখে ছাড়ব।’
আরও পড়ুন- বিএনপি আন্দোলনে হেরেছে, নির্বাচনেও হারবেঃ কাদের
ভোট জাল করার সেই ভিডিও ফুটেজ প্রধান নির্বাচন কমিশনারের কাছে আপিলের জন্য দিয়েছে বলেও এসময় জানান তিনি। তিনি বলেন, ‘আমরা এই ফলাফল বাতিল চাই এবং পুনরায় নির্বাচন করার জন্য এখানে আজ আমরা এসেছি।’
হিরো আলম বলেন, ‘এ দেশে সুষ্ঠু ভোটের পরিবেশ নেই। আমি এই সরকারের অধিনে তিনটি নির্বাচন করলাম। ২০১৮ সালে নির্বাচন করেছি, তখন মার খেয়েছি। ২০২৩ সালে বগুড়ায় উপনির্বাচন করলাম, সেখান মার খেলাম। আবার এখানে (ঢাকা) নির্বাচন করলাম, এখানেও মার খেলাম। তাহলে এই সরকারের অধিনে সুষ্ঠু নির্বাচন কীভাবে আশা করি।’
অভিযোগের প্রেক্ষিতে ইসি থেকে কিছু বলা হয়েছে কি না- জানতে চাইলে হিরো আলম বলেন, ‘রিটার্নিং অফিসারকে আমি কাল (শনিবার) ফোন দিয়েছিলাম। তিনি আমাকে প্রধান নির্বাচন কমিশনার বরাবর চিঠি দিতে বলেছেন। এই জন্য আজকে এখানে আপিল করলাম। এই আপিলের শুনানি আমরা দেখার অপেক্ষায় থাকি।’
তিনি বলেন, ‘সবাইকে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা ভিডিও ফুটেজগুলো দেখবেন, সেদিনকার ভোটটা কত সুষ্ঠু হয়েছে। মন্ত্রিপরিষদ, স্পিকারকে অনুরোধ করব, আরাফাত ভাই যাতে শপথগ্রহণ করতে না পারে।’
আরও পড়ুন- সুদানে দুপক্ষের ভারী লড়াই, নিহত ১৬ জন
একই কেন্দ্রে দ্বিতীয় বার যাওয়ায় হিরো আলমকে নিরাপত্তা দিতে পারেনি বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। এই মন্তব্য নিয়ে হিরো আলম বলেন, ‘ডিএমপি কমিশনার কিছু কথা বলেছে। আমি একই কেন্দ্রে নাকি দুইবার গিয়েছিলাম। আমি তাকে একটি কথা বলতে চাই, আপনি ভিডিও ফুটেজগুলো দেখবেন, আমি একই কেন্দ্রে দুইবার গিয়েছি কি না। আমার কথা হলো নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশ ভেতরে আসেনি।’
‘আমি কেন আপনাকে বলে কেন্দ্রে ঢুকতে যাব। আপনি আমাকে নিরাপত্তা দেবেন। যখন আমাকে ঘুষি মারে, তখন উচিত ছিল তাদের বের করে দেওয়া। আমাকে নিরাপত্তা দিয়ে বাসায় তুলে দেওয়ার দায়িত্ব ছিল। কিন্তু তারা দেয়নি- বলেন হিরো আলম।’
হিরো আলম আরও বলেন, ‘যখন আমাকে মারধর করে, তখন বাইরে বিজিবি ছিল। আমি যখন জীবন বাঁচানোর জন্য বিজিবির কাছে গেলাম, একটা লোকও গাড়ি থেকে নামেনি। সেই হিসেবে আপনাদের বললাম, ডিএমপি স্যারের কথাগুলো খুবই দুঃখজনক, কষ্টজনক। তারা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।’



