নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটের সামনে আওয়ামী লীগের শান্তি সমাবেশ শুরু হয়ছে। সমাবেশ শুরুর আগেই পুরো এলাকা নেতাকর্মীদের দখলে চলে যায়। কার্যত বড় শোডাউনে মাঠে থাকার যে বার্তা দেওয়ার উদ্দেশ্য ছিলো দলটির, তা পূরণ হয়েছে।
বুধবার (১২ জুলাই) দুপুর আড়াইটার দিকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফির সভাপতিত্বে সমাবেশ শুরু হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে এই সমাবেশে বক্তব্য রাখবেন।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি সভা পরিচালনা করছেন। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের যৌথ উদ্যোগে ‘বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে’ এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

সমাবেশ শুরুর আগে সমাবেশ স্থলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভাপতি জাহাঙ্গীর কবির নানক, কামরুল ইসলাম, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, মির্জা আজম এমপি, মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি, আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় নেতা আনোয়ার হোসেন ও শাহাবুদ্দিন ফরাজী, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্র, যুবলীগের সাধারণ সম্পাদক মঈনুল হোসেন খান নিখিল প্রমুখ উপস্থিত হন। তারা অনেকে বক্তব্য রাখেন।
আরও পড়ুন- রাজধানীতে বিএনপির সমাবেশ শুরু
এছাড়া ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরাসহ ঢাকার আশপাশের এলাকার আওয়ামী লীগ নেতাকর্মীরা সমাবেশ স্থলে উপস্থিত রয়েছেন।
সমাবেশ সফল করতে মঙ্গলবার আলাদা আলাদা যৌথসভা করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ। প্রতিটি থানা ওয়ার্ডে দেওয়া হয়েছে দিক নির্দেশনা।

এদিকে শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে নানা পরিকল্পনা ও প্রস্তুতি নেওয়ার কথাও জানিয়েছে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোও। পৃথকভাবে বর্ধিত সভা করে তারাও তাদের প্রতিটি থানা ওয়ার্ডে দিয়েছে নির্দেশনা।
অন্যদিকে আওয়ামী লীগের শান্তি সমাবেশে যোগ দেবেন ঢাকা জেলার সাত থানা ও তার অন্তর্গত ওয়ার্ডের নেতাকর্মীরাও। একইসঙ্গে কর্মসূচি ঘিরে যেন কোনও ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয় সে বিষয়ে দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।
সামনে কমিটি গঠনকে সামনে রেখে ঢাকা মহানগরের বিভিন্ন থানা থেকে শুরু করে ওয়ার্ড নেতাদের মধ্যে ব্যাপক উপস্থিতির প্রতিযোগিতা লক্ষ্য করা গেছে। নিজেকে প্রচারণায় রেখে নানা ধরনের ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে হাজির হয়েছেন সমাবেশস্থলে। স্লোগানে স্লোগানে মুখরিত পুরো বায়তুল মোকররম এলাকা।
এদিকে এরই মধ্যে মঞ্চে মহানগর নেতারা বক্তব্য রাখছেন।



